
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ভবনটি স্থানীয় বাসিন্দাদের মানবিক সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল।
আঞ্চলিক প্রধান মিখাইলো সেমিকিন জানান, অন্তত ৯টি তিন হাজার কেজি ওজনের বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন। হামলার পর ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্কুলটিতে প্রথম হামলার পর আশ্রয় নেওয়া মানুষের অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। উদ্ধারকাজ চলার সময় এলাকায় রুশ ড্রোন হামলার কারণে কয়েকবার অভিযান বন্ধ রাখতে হয়েছে।
এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তার অভিযোগ, ওই এলাকায় প্রতি সপ্তাহে স্থানীয় বাসিন্দাদের ত্রাণ দেওয়া হয়—এ বিষয়টি রাশিয়ার অজানা ছিল না। তবে হামলার বিষয়ে রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
হামলার ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
এদিকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবারও শান্তি আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা, উত্তেজনা কমানো, মানবিক সহায়তা ও শান্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
আরটিভি/জেএমএ



