
শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন শিক্ষক। ওই সময়ই হঠাৎ হাতে বৈদ্যুতিক করাত নিয়ে ঢুকে পড়েন ২১ বছর বয়সী এক তরুণ। শিক্ষক ও শ্রেণি ভর্তি শিক্ষার্থীর সামনে ওই করাত নিয়ে হামলে পড়েন দুই ছাত্রীর ওপর।
ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে, ভারতের অন্ধ্র প্রদেশের একটি সরকারি স্কুলে।
প্রদেশের অনন্তপুর জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির কক্ষে ঘটা এ ঘটনায় গুরুতর আহত হন দুই ছাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার অস্ত্রোপচার চলছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত তরুণের নাম হেমন্ত ওরফে দুম্মু। তিনি শ্রী সত্য সাই জেলার ধর্মবরম এলাকার নাগালুর গ্রামের বাসিন্দা।
আহত এক ছাত্রী তার দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে। হামলার পর স্কুল থেকে পালিয়ে যান হেমন্ত। তবে, পরে ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কী কারণে ওই তরুণ দুই ছাত্রীর ওপর হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। হামলার কারণ ও ঘটনার পুরো পরিস্থিতি জানতে তদন্ত করছে পুলিশ।
এদিকে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্কুলের শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্রীর ওপর এমন হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। শিক্ষার্থীদের নিশানা করে স্কুলে হামলাকারীদের সমাজে কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
আরটিভি/এসএইচএম



