
মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাবারের চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে চীন। দেশটির তিয়ানগং মহাকাশ স্টেশনে তার জন্য ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে।
মেনুতে রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নিহারি, খাসির কোরমা ও কারি ছোলাসহ পাকিস্তানি স্বাদের বিভিন্ন পদ।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানি নভোচারীর ধর্মীয় বিধিনিষেধ, খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক পছন্দ বিবেচনায় নিয়ে বিশেষ এই খাবারের তালিকা তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক দল।
মেনুতে পাকিস্তানি ধাঁচের সাত ধরনের নতুন মহাকাশ উপযোগী খাবার যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গরুর মাংসের নিহারি, খাসির কোরমা, বাটার চিকেন ও মসলা দিয়ে রান্না করা ছোলা।
খাবার তৈরির প্রতিটি ধাপে হালাল বিধিনিষেধ অনুসরণ করা হয়েছে। পাশাপাশি মহাকাশে খাবারের স্বাদ, পুষ্টিমান ও সংরক্ষণ উপযোগিতা নিশ্চিত করতে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেছেন গবেষকেরা। প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন রেসিপিতে।
চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক চেন জুনলি জানান, খাবার তৈরির সময় পাকিস্তানিদের হলুদ ও কারির মতো মসলার প্রতি বিশেষ পছন্দের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে নভোচারীদের শারীরিক সুস্থতা, পুষ্টি ও মানসিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে খাবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় বিধান ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবারের ব্যবস্থা করে পাকিস্তানি নভোচারীর মহাকাশযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নিয়েছে চীন।
সূত্র: সিজিটিএন
আরটিভি/এসকে


