
যাত্রী পরিবহনের সুযোগে কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিত জেমস রবার্ট এডওয়ার্ড গিলবার্টের বয়স ২৬ বছর। তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরীকে যৌন নিপীড়নের দায় স্বীকার করেছেন। এ ছাড়া কর্মস্থলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগও স্বীকার করেন তিনি।
আদালতে জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। বাসচালক হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের রুটে যাতায়াতকারী কিশোরীদের সঙ্গে পরিচিত হন গিলবার্ট। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিশ্বাস অর্জন করে তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দফায় ধর্ষণ করেন গিলবার্ট। আরেক ১৫ বছর বয়সী কিশোরীকে বাস থেকে নামিয়ে জারবুর্গ এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন। তৃতীয় কিশোরীকে বাস থেকে নামার পর জোর করে আলিঙ্গন করতে বাধ্য করেন এবং যৌন নিপীড়ন চালান।
এ ছাড়া কর্মস্থলে এক নারীর নিতম্বে চড় মারার অভিযোগও স্বীকার করেন তিনি।
রায় ঘোষণার সময় বিচারক ক্যাথরিন ফুকস বলেন, বাসচালক হিসেবে নিজের অবস্থান ও যাত্রীদের আস্থার অপব্যবহার করে কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন গিলবার্ট। তার অপরাধে ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ধর্ষণের দায়ে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি গিলবার্টকে ১০ বছরের বর্ধিত সাজা দিয়েছেন আদালত।
আরটিভি/এমএইচজে


