
যুক্তরাষ্ট্রে বিরল ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নেগ্লেরিয়া ফাওলেরি-তে আক্রান্ত হয়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। পরিবারের ধারণা, বাড়ির কাছে লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময়ই অ্যামিবার সংস্পর্শে আসে সে।
উত্তর লুইজিয়ানার রাস্টন শহরের বাসিন্দা লিলিয়ান স্মার্ট ৮ বছরে পা রাখার কিছুদিন পরই মারা যায়। গত সপ্তাহ থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল সে।
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিলিয়ানের পরিবার বলে, ‘লিলিয়ান গত রাতে আমাদের বাহু ছেড়ে যিশুর বাহুতে চলে গেছে।’ অ্যামিবার সংক্রমণে তার মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি শিশুটির ছোট্ট শরীর।
জ্বর দিয়ে অসুস্থতা শুরু হওয়ার পর লিলিয়ানের দৃষ্টিতে সমস্যা দেখা দেয়। পরে মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত সপ্তাহ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর মারা যায় শিশুটি।
নেগ্লেরিয়া ফাওলেরি উষ্ণ মিঠাপানিতে বাস করা অতি ক্ষুদ্র এক ধরনের অ্যামিবা। অ্যামিবাযুক্ত পানি নাক দিয়ে শরীরে ঢুকে মস্তিষ্কে পৌঁছালে ভয়ংকর সংক্রমণ হতে পারে। তবে এই পানি পান করলে সংক্রমণের আশঙ্কা নেই। আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও অন্য কারও শরীরে এটি ছড়ায় না।
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই সংক্রমণ অত্যন্ত বিরল। কিন্তু আক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই তা প্রাণঘাতী হয়ে ওঠে।
১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নেগ্লেরিয়া ফাওলেরি সংক্রমণের মাত্র ১৮০টি নিশ্চিত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে লুইজিয়ানায় ঘটেছে মাত্র তিনটি। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে

-1791279891-407901_1791279918.jpg)
