
ক্যালিফোর্নিয়াভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার বড় সিন্ধান্তের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে। এতে প্রায় ৩ হাজার ৩০০ কর্মী চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উবারের নিয়ন্ত্রক সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী প্রায় ৩৬ হাজার ৬০০ কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় ১৪ হাজার ৬০০ জন যুক্তরাষ্ট্রে কর্মরত।
তবে উবার প্ল্যাটফর্ম ব্যবহারকারী চালক ও কুরিয়াররা এই কর্মীদের মধ্যে গণ্য হবেন না এবং ছাঁটাইয়ের আওতাতেও পড়বেন না বলে জানিয়েছে সংস্থাটি । প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বৈশ্বিক কর্মীদের প্রায় এক-তৃতীয়াংশ সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কর্মরত। সেখানে সান ফ্রান্সিসকো ও সানিভেলে উবারের প্রধান কার্যালয় ও বিভিন্ন অফিস রয়েছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরোশাহি বলেন, ‘আমরা ব্যবস্থাপনার স্তর কমাচ্ছি, টিমের কাঠামো সহজ করছি, বৈশ্বিক অবস্থান কৌশল পুনর্বিন্যাস করছি এবং সামনে থাকা সবচেয়ে বড় সুযোগগুলোর দিকে আমাদের কর্মী ও বিনিয়োগকে কেন্দ্রীভূত করছি।’
তবে এই পুনর্গঠনের প্রভাব শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না।
কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে উবার তাদের রিমোট ওয়ার্ক নীতিতেও বড় কাটছাঁট করছে। এর ফলে নমনীয় কর্মপরিবেশে অভ্যস্ত জেন-জি কর্মীদের ওপরও চাপ বাড়তে পারে।
খসরোশাহি জানান, বৈশ্বিক টিমগুলোকে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মতো বড় হাবগুলোতে, আঞ্চলিক টিমগুলোকে নির্ধারিত আঞ্চলিক হাবে, স্থানীয় টিমগুলোকে সংশ্লিষ্ট দেশের হাবে এবং প্রযুক্তি টিমগুলোকে নির্ধারিত টেক হাবে কেন্দ্রীভূত করা হবে।
ভবিষ্যতে উবারের মাত্র প্রায় ১ শতাংশ কর্মী পুরোপুরি রিমোট পদ্ধতিতে কাজ করবেন। অর্থাৎ, বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত হাজারো কর্মীকে নির্ধারিত অফিসের কোনো একটি কেন্দ্রে গিয়ে কাজ করতে হতে পারে।
খসরোশাহি আরও বলেন, ‘আমরা আমাদের হাইব্রিড কর্মনীতি মেনে চলার বিষয়টিও আরও জোরদার করব। এই নীতি অনুযায়ী কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে কাজ করতে হবে।’
এর মধ্য দিয়ে মহামারির সময় চালু হওয়া নমনীয় কর্মব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসা বড় প্রতিষ্ঠানগুলোর তালিকায় উবারও যুক্ত হলো। বিশেষ করে তরুণ কর্মীরা এই পরিবর্তনের প্রভাব বেশি অনুভব করতে পারেন।
এদিকে, বিনিয়োগকারীরা উবারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে। ঘোষণা আসার পর বুধবার সকালে উবারের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
আরটিভি/ এসকেডি



