
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে হত্যার মামলায় লুইজি মাঞ্জিওনির বিচার নিউইয়র্কের অঙ্গরাজ্য আদালতে চালানোর পক্ষে যুক্তি দিয়েছেন সরকারি আইনজীবীর। তাদের দাবি, হত্যাকাণ্ড ও অনুসরণ করে হয়রানির অপরাধ আলাদা। তাই একই অপরাধে দুবার বিচারের নিষেধাজ্ঞা এ মামলায় প্রযোজ্য নয়।
শুক্রবার (৯ অক্টোবর) আদালতে জমা দেওয়া নথিতে ম্যানহাটনের সরকারি আইনজীবীরা বলেন, মাঞ্জিওনি গত আগস্টে কেন্দ্রীয় সরকারের করা অনুসরণ করে হয়রানির দুটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে ওই অভিযোগের সঙ্গে হত্যাকাণ্ডের আইনি সংজ্ঞা ও উদ্দেশ্যের পার্থক্য রয়েছে। তাই অঙ্গরাজ্যের হত্যা ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে তার বিচার চলতে পারে।
মাঞ্জিওনির আইনজীবীরা অঙ্গরাজ্যের হত্যা ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ বাতিলের আবেদন করেছেন। তাদের যুক্তি, একই ঘটনার জন্য দুবার বিচার করা আইনসম্মত নয়। গত আগস্টে মাঞ্জিওনি স্বীকার করেন, ব্রায়ান থম্পসনকে গুলি করার উদ্দেশ্য নিয়ে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে পেনসিলভানিয়ার আলটুনা শহরের একটি ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ থেকে মাঞ্জিওনিকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষের দাবি, তার ব্যাগে পাওয়া ত্রিমাত্রিক মুদ্রণপ্রযুক্তিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও একটি নোটবুকের লেখা হত্যাকাণ্ডের সঙ্গে তার যোগসূত্রের ইঙ্গিত দেয়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বাস্থ্যসেবা খাত নিয়ে অসন্তোষের কারণে মাঞ্জিওনির প্রতি কিছু মানুষের সমর্থনও দেখা গেছে।
আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মামলায় অনুসরণ করে হয়রানির দুটি অভিযোগে দোষ স্বীকারের পর তার আইনজীবীরা অঙ্গরাজ্যের মামলার বড় অংশ বাতিলের আবেদন করেন। এ নিয়ে আইনি লড়াই চলায় অঙ্গরাজ্যের বিচার কার্যত পিছিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যের বিচার সেপ্টেম্বরে এবং কেন্দ্রীয় বিচার ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল।
সরকারি আইনজীবীরা আরও বলেছেন, অঙ্গরাজ্যের কোনো অভিযোগ বাতিল করা হলেও তা যেন স্থায়ীভাবে বাতিল না হয়। ভবিষ্যতে কেন্দ্রীয় মামলায় তার দোষ স্বীকারের সিদ্ধান্ত আপিলে বাতিল হলে নতুন করে অভিযোগ আনার সুযোগ রাখতে চান তারা।
সূত্র: সিএনএন
আরটিভি/জেএমএ


