
যুক্তরাষ্ট্রে মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে এক নারী যাত্রীর বিরুদ্ধে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই নারীকে আটক করে পুলিশ।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৭৯ বাল্টিমোর বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে রওনা দেয়। প্রায় দুই ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করা বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় ৯ নম্বর সারির এক নারী যাত্রীর আচরণ নিয়ে ককপিটে খবর দেন কেবিন ক্রুরা।
এয়ারলাইভের তথ্য অনুযায়ী, ৯-ডি আসনে বসা ওই যাত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং সহযাত্রীদের সামনে আপত্তিকর আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিমানের প্রধান অ্যাটেনডেন্ট বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান।
পাশাপাশি বিমান অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত রাখার অনুরোধ করা হয়। তবে পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটটি মাঝপথে জরুরি অবতরণ না করে নির্ধারিত গন্তব্য মায়ামি বিমানবন্দরেই যায়।
বিমানটি গেটে পৌঁছানোর পরপরই পুলিশ সেখানে প্রবেশ করে অভিযুক্ত নারী যাত্রীকে নিজেদের হেফাজতে নেয়। তবে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুরা ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আরটিভি/এসকে


