
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি ফেডারেল আদালতের প্রবেশপথে বন্দুক ও ছুরি নিয়ে ঢুকে হামলার চেষ্টা করেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিরাপত্তারক্ষীর গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ন্যাশভিল নগর পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি প্রথমে নিজের বন্দুক দিয়ে গুলি চালানোর চেষ্টা করেন। তবে সেটি কাজ না করায় তিনি ছুরি বের করেন। এ সময় আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি অন্য একটি অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি কেন আদালতে এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।
ফেডারেল আদালতে প্রবেশের আগে দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের চুক্তিভিত্তিক সাবেক পুলিশ কর্মকর্তারা এসব প্রবেশপথের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ঘটনার স্থানটি আদালতে প্রবেশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পথগুলোর একটি বলে জানিয়েছেন স্থানীয় ফেডারেল জজ রবার্ট ম্যাকগুয়ের।
ঘটনার পর পাশের গ্রন্থাগার বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কুকুর নিয়ে আশপাশের এলাকা তল্লাশি করে। কাছের ভবনগুলোর কর্মীরাও বাইরে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ম্যাকগুয়ের জানান, আদালত ভবনেই স্থানীয় ফেডারেল জজের কার্যালয় এবং টেনেসি অঙ্গরাজ্যের দুই মার্কিন সিনেটরের কার্যালয় রয়েছে। এর আগে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি বা অনুপযুক্ত আচরণের ঘটনায় লোকজনকে বের করে দেওয়ার ঘটনা ঘটলেও এবারের মতো গুরুতর পরিস্থিতি আগে দেখা যায়নি।
গুলির খবর ছড়িয়ে পড়ার পর আদালতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ম্যাকগুয়ের বলেন, অনেকে নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে পরিবারের সদস্যদের ফোন করেন। তিনিও নিজের স্ত্রী, ছেলে এবং পরিচিতদের ফোন করে নিরাপদ থাকার কথা জানিয়েছেন।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


