
মেক্সিকোয় বেড়াতে গিয়ে ঢেউয়ের সঙ্গে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারানো দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এনসেনাদা শহরের একটি আদালত এ রায় দেন। ২০২৪ সালের এ হত্যাকাণ্ড মেক্সিকোজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছিল।
দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন হেসুস হেরার্দো গার্সিয়া, যিনি এল কেকাস নামে পরিচিত, ইরিনেও ফ্রান্সিসকো এন এবং অ্যাঞ্জেল হেসুস এন। তাদের বিরুদ্ধে অস্ট্রেলীয় দুই ভাই ক্যালাম ও জেক রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু কার্টার রেড রোডকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সশস্ত্র ডাকাতি ও অস্ত্রের মুখে গাড়ি ছিনতাইয়ের অভিযোগেও তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা আসামিদের বিচার এক মাস ধরে চলে। আদালতে নিহত দুই ভাইয়ের মা ডেবরা রবিনসন বলেন, ছেলেদের হত্যাকাণ্ড তাদের সঙ্গে দেখা ভবিষ্যতের সব স্বপ্ন কেড়ে নিয়েছে। বিচার চলাকালে আদালতে উপস্থিত ছিলেন তাদের বাবা-মা ডেবরা ও মার্টিন রবিনসন।
মার্টিন রবিনসন বলেন, একজন সন্তানের মৃত্যু মেনে নেওয়া যেকোনো মা-বাবার জন্য কঠিন। আর তারা তাদের দুই সন্তানকেই হারিয়েছেন।
২০২৪ সালের এপ্রিলে সার্ফিং করতে তিন বন্ধু মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে যান। এনসেনাদা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের পুন্তা সান হোসে এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে ৩ মে একটি কূপের ভেতর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের মে মাসে গার্সিয়াকে গ্রেপ্তার করা হয়। তার সাবেক সঙ্গী আরি হিসেল সিলভা রায়া, ইরিনেও ফ্রান্সিসকো এন এবং অ্যাঞ্জেল হেসুস এন-কেও গ্রেপ্তার করা হয়েছিল।
বিচার চলাকালে হত্যাকাণ্ডের ভয়াবহ নানা তথ্য উঠে আসে। গত মাসে এক শুনানিতে সিলভা রায়া সাক্ষ্য দেন, গার্সিয়া তাকে জানিয়েছিলেন, বিদেশি পর্যটকেরা যে তাঁবুতে অবস্থান করছিলেন, সেখানে তিনি ৯ মিলিমিটার পিস্তল নিয়ে গিয়েছিলেন। তাকে দেখে পর্যটকেরা হামলা ঠেকাতে নিজেদের জিনিসপত্র এগিয়ে দিতে শুরু করেন। তাদের একজন প্রাণভিক্ষাও চেয়েছিলেন। কিন্তু হামলাকারী তার কথায় কর্ণপাত করেননি বলে সাক্ষ্যে জানান সিলভা রায়া।
রাজ্যের জজের কার্যালয় জানিয়েছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল সিলভা রায়া পুন্তা সান হোসে এলাকায় গিয়ে ওই তিন পর্যটকের সঙ্গে দেখা করেন। পরে তিনি তার এক সহযোগীকে তাদের মালামাল লুট করতে উৎসাহিত করেন বলে অভিযোগ রয়েছে। পরদিন এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের মুঠোফোন নিজের কাছে রাখার সময় সিলভা রায়াকে আটক করা হয়। পরে ২০২৫ সালের নভেম্বরে তিনি দোষ স্বীকার করেন। দ্রুত বিচারপ্রক্রিয়ায় সহিংসতার মাধ্যমে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গার্সিয়া ও তার দুই সহযোগী বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।
আগামী ১৬ অক্টোবর তিন আসামির চূড়ান্ত সাজা ঘোষণা করবেন বিচারক। বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের জজের কার্যালয় প্রত্যেকের জন্য ২১০ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ



