
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে জোনাথন রিন্ডারকনেখট (৩০) নামে এক যুবককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০২৫ সালের জানুয়ারিতে ছড়িয়ে পড়া প্যালিসেইডস দাবানলে ১২ জনের মৃত্যু এবং ৬ হাজার ৮৩৭টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) দ্বিতীয় দফার বিচার শেষে ১২ সদস্যের বিচারক প্যানেল তাকে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগের মাধ্যমে সম্পত্তি ধ্বংস এবং আন্তরাজ্য বাণিজ্যে ব্যবহৃত সম্পত্তিতে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১৭ মার্চ তার সাজা ঘোষণা করা হবে। এ ঘটনায় তার সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ড হতে পারে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি ছোট একটি ঝোপঝাড়ে আগুন লাগান রিন্ডারকনেখট। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মাটির নিচে আগুনের রেশ থেকে যায়। সাত দিন পর প্রবল বাতাসে সেই আগুন আবার ছড়িয়ে পড়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানলে রূপ নেয়।
তদন্তে তার গাড়ির গতিবিধির ভিডিও, অবস্থানসংক্রান্ত তথ্য এবং একটি লাইটারসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন সরকারি আইনজীবীরা। লাইটার থেকে পাওয়া ডিএনএর সঙ্গে তার ডিএনএর মিলও পাওয়া যায়। তবে তার আইনজীবী দাবি করেন, আগুন লাগানোর প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই।
দাবানলে প্রায় ২৩ হাজার ৪৪৮ একর এলাকা পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ বিলিয়ন ডলার। তিন সপ্তাহের বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় ২০২৫ সালের ৩১ জানুয়ারি।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


