
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ২৭ বছর বয়সী মেটালিকা রোজ হ্যারিসনের বিরুদ্ধে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, নিহতরা হলেন হ্যারিসনের স্বামী চার্লস হ্যারিসন এবং তাদের তিন বছর বয়সী ছেলে। পোকোনো টাউনশিপের গ্রেট উলফ লজ নামের একটি পারিবারিক অবকাশকেন্দ্রের কক্ষে তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টা ১৩ মিনিটের দিকে ওই কক্ষ থেকে সাহায্য চেয়ে ফোন করেন মেটালিকা হ্যারিসন। তিনি আত্মহত্যা করতে সাহায্য চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা তাকে আহত অবস্থায় পান। কক্ষটি তল্লাশি করতে গিয়ে এক ব্যক্তি ও এক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। পরে হ্যারিসনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
মনরো কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক মানকুসো ঘটনাটিকে পারিবারিক সহিংসতার একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংসতার ঘটনাটি ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।
অভিযোগপত্র অনুযায়ী, জরুরি সেবায় ফোন করার সময় হ্যারিসন বলেছিলেন, তার স্বামী ও ছেলে ইতিমধ্যে মারা গেছেন। তিনি আরও জানিয়েছিলেন, নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কবজিতে কাটা দাগ এবং গলায় উপরিভাগে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়।
হোটেলকক্ষের মেঝেতে আলাদা দুটি গদির ওপর চার্লস হ্যারিসন ও শিশুটির মরদেহ পাওয়া যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, চার্লসের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। শিশুটির বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পথে হ্যারিসন বারবার অনুশোচনামূলক কথা বলছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তিনি একজন ভালো মা ও স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান। পরে হাসপাতালে গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের আইনগত অধিকার সম্পর্কে জানার পর জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান।
তদন্তকারীরা হোটেলের শৌচাগার থেকে দুটি ছুরি উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছে, ছুরিগুলো অবকাশকেন্দ্রটির নিজস্ব নয়। এ ছাড়া কয়েকটি ওষুধের বোতল এবং রক্ত বলে ধারণা করা হচ্ছে—এমন তরল পদার্থের পাত্রও পাওয়া গেছে।
হোটেল কর্তৃপক্ষ তদন্তকারীদের জানিয়েছে, পরিবারটি ২১ সেপ্টেম্বর সেখানে উঠেছিল। তাদের থাকার মেয়াদ বাড়িয়ে ১৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। জেলা অ্যাটর্নির তথ্য অনুযায়ী, তদন্তকারীরা রাতভর আলামত সংগ্রহ করেছেন। ওই কক্ষ থেকে প্রায় ৮০ থেকে ৯০টি আলামত উদ্ধার করা হয়েছে। আরও কিছু স্থানে তল্লাশি চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া বাকি। চার্লস হ্যারিসন ও শিশুটির ময়নাতদন্ত সপ্তাহের শেষ দিকে হওয়ার কথা। মেটালিকা হ্যারিসনকে বিচারকের সামনে হাজির করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এ ঘটনায় পোকোনো টাউনশিপ পুলিশ বিভাগ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সূত্র: ইউএসএ টুডে
আরটিভি/জেএমএ




