ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ফেডেক্সের গাড়ি থেকে চুরি ১ মিলিয়ন ডলারের কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম
যুক্তরাষ্ট্রে ফেডেক্সের গাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্সের একটি গাড়ি থেকে প্রায় ৯ লাখ ৬৩ হাজার ডলার মূল্যের খেলাধুলা, পোকেমন ও অন্যান্য সংগ্রহযোগ্য কার্ড চুরি হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সান্তা আনা পুলিশের মুখপাত্র ন্যাটালি গার্সিয়া জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) একটি সংগ্রহযোগ্য কার্ড যাচাইকারী প্রতিষ্ঠানের কাছ থেকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। ফেডেক্সের গাড়িতে থাকা কার্ডগুলো চুরি হয়েছে। এর মধ্যে দুটি প্যালেটভর্তি কার্ড চুরি হয়েছে। তৃতীয় একটি প্যালেট থেকেও কার্ড নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা শহরে অবস্থিত প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটরস নামের একটি প্রতিষ্ঠানের কার্ড যাচাই ও মূল্যায়নকেন্দ্রে। প্রতিষ্ঠানটি সংগ্রহযোগ্য কার্ডের সত্যতা যাচাই ও মান নির্ধারণ করে। পাশাপাশি বিক্রয়মূল্যের একটি অংশের বিনিময়ে গ্রাহকদের কার্ড অনলাইনেও বিক্রির ব্যবস্থা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বস্টন কার্ড হান্টার নামে পরিচিত নিক অ্যান্ড্রুজ জানিয়েছেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের একজনের প্রায় ৫ লাখ ডলার মূল্যের কার্ড চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ধারণা, চুরির ঘটনাটি সংগ্রহযোগ্য কার্ডের ইতিহাসে অন্যতম বড় ঘটনা হয়ে উঠতে পারে।

চুরি হওয়া কার্ডের একটি তালিকাও তৈরি করেছেন অ্যান্ড্রুজ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ওই তালিকায় কার্ডের সংখ্যা ৩৮৩টিতে পৌঁছায়। এর মধ্যে ১৯৯৫ সালের একটি মাইকেল জর্ডান স্বর্ণের কার্ড এবং ২০২৪ সালের ওয়ান পিস সিরিজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত একটি কার্ড রয়েছে।

স্কাই-বি ছদ্মনামে পরিচিত এক কার্ড সংগ্রাহক জানান, তার সংগ্রহের ১০৪টি কার্ড চুরি হয়েছে। গত দুই বছরে তিনি এগুলো সংগ্রহ করেছিলেন। সোমবার (১৯ অক্টোবর) ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, এসব কার্ডের অনেকগুলোই দুর্লভ এবং প্রতিস্থাপন করা অসম্ভব। সেগুলো আর কখনো দেখতে পাবেন না—এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। পাশাপাশি আর্থিকভাবেও তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন।

স্কাই-বি জানান, কার্ডগুলো যাচাই ও মান নির্ধারণের জন্য তিনি প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটরস প্রতিষ্ঠানে জমা দিয়েছিলেন। যাচাই শেষে সেগুলো মিশিগানে তার কাছে ফেরত পাঠানোর পথে চুরি হয়। কার্ডগুলোর মান নির্ধারণের জন্য তিনি ৮ হাজার ডলার ফি দিয়েছিলেন। তার দাবি, মান নির্ধারণের ফলে কার্ডগুলোর বাজারমূল্য বেড়েছিল। তবে বিমা করা ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ডলারের জন্য, যা কার্ডগুলোর সম্ভাব্য বাজারমূল্যের চেয়ে কম।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, চুরি হওয়া কার্ডগুলোর যাচাইসংক্রান্ত সনদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনলাইন বাজারে কার্ডগুলোর বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যাতে বিরল ও বিশেষ নম্বরযুক্ত কার্ডগুলো শনাক্ত করা যায়। ক্ষতিগ্রস্তদের যাচাইয়ের ফি ফেরত দেওয়ার পাশাপাশি কার্ডগুলোর ন্যায্য বাজারমূল্য পরিশোধ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেডেক্স এক বিবৃতিতে বলেছে, চুরির ঘটনার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা কাজ করছে। গ্রাহকদের পাঠানো পণ্যের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার।

পুলিশের মুখপাত্র গার্সিয়া জানিয়েছেন, ঘটনাটি এখনো তদন্তাধীন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি হওয়া কোনো পণ্যও উদ্ধার করা যায়নি। চুরি হওয়া কার্ডগুলোর মোট মূল্য আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগেও ফেডেক্সের মাধ্যমে পাঠানো মূল্যবান কার্ড চুরির ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে ২১ লাখ ডলার মূল্যের ৫৪টি পুরোনো বেসবল কার্ড যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্ট্রংসভিলের একটি হোটেলে পৌঁছানোর পর চুরি হয়। কাছের ক্লিভল্যান্ডের আইনজীবীদের তথ্য অনুযায়ী, হোটেলের এক কর্মী কার্ডগুলো চুরি করেছিলেন। পরে তাকে চার থেকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
যুক্তরাষ্ট্রে বড়শি দিয়ে মাছ ধরা এখন আর নিছক শখ বা অবসর কাটানোর মাধ্যম নয়; বরং এটি পরিণত হয়েছে প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে। হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, লাখ লাখ টাকার পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার অ্যাঙ্গলার হওয়ার সুযোগ ঘিরে দেশটিতে বাড়ছে বাস মাছ ধরার জনপ্রিয়তা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হাইস্কুল পর্যায়ের বাস মাছ ধরার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে সূর্য ওঠার আগেই জড়ো হন প্রতিযোগীরা। ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে প্রস্তুত ছিলেন প্রতিযোগীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর নৌকাগুলো ছুটে যায় ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে। লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা। প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন আলাবামার ১৮ বছর বয়সী কাইগ ব্র্যাগ। মাছ ধরার জন্য মেরিনা থেকে প্রায় ১০ মিনিট দক্ষিণে একটি পরিচিত জায়গা বেছে নেন তিনি। প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর মেরিনায় ফিরে আয়োজকদের হাতে তুলে দেন জাল দিয়ে তৈরি একটি ব্যাগ। তাতে ছিল তিনটি বাস মাছ, যার মোট ওজন ১১ পাউন্ড ৩ আউন্স। এই ওজনই তাকে এনে দেয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। পেছনে পড়ে যায় ২১৩টি প্রতিদ্বন্দ্বী দল। বিজয়ী হিসেবে কাইগ পান ২৫ হাজার ডলারের একটি মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকার বেশি। মাছ ধরার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে কাইগ বলেন, ‘সত্যি বলতে, বাস মাছ ধরতে আমার খুব ভালো লাগে। প্রতিবারই এখানে নতুন একটি ধাঁধা থাকে। বিষয়টি অনেকটা দাবা খেলার মতো।’ প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার ইতিহাস প্রায় ৬০ বছরের। তবে গত এক থেকে দুই দশকে খেলাটিতে এসেছে বড় পরিবর্তন। পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে হাইস্কুল ও তরুণদের মধ্যে বাড়ছে মাছ ধরার ক্লাব এবং প্রতিযোগিতার সংখ্যা। খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বাস নেশন বা বাস অ্যাঙ্গলার্স স্পোর্টসম্যান সোসাইটি। সংস্থাটির অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে। এসব ক্লাবে অংশ নিচ্ছেন প্রায় ১২ হাজার অ্যাঙ্গলার। এক দশক আগে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং অ্যাঙ্গলারের সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের স্বীকৃত খেলায় পরিণত হয়েছে। অন্য অনেক স্কুলেও রয়েছে নিজস্ব মাছ ধরার ক্লাব। প্রতিযোগিতার নিয়মও বেশ সহজ। প্রতিটি দলে একজন অথবা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নিতে পারেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন এবং প্রতিটি মাছের দৈর্ঘ্য হতে হয় কমপক্ষে ১৫ ইঞ্চি। মাছগুলো ওজন করার সময় জীবিত থাকতে হয়। ওজন নেওয়ার পর আবার সেগুলো লেকে ছেড়ে দেওয়া হয়। প্রতিযোগীরা নিজেদের পছন্দমতো কৃত্রিম টোপ, মাছ ধরার ছিপ ও নৌকা ব্যবহার করতে পারেন। তবে মাছ ধরার সময় বাইরে থেকে কোনো ধরনের সহায়তা নেওয়া নিষিদ্ধ। আকর্ষণীয় পুরস্কার থাকলেও এই খেলায় অংশ নিতে প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। একটি নতুন বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার। মাছের অবস্থান ও পানির গভীরতা নির্ণয়ের ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম ২ হাজার ডলার বা তার বেশি। উন্নতমানের একটি ফিশিং রড কিনতেও খরচ করতে হয় কয়েক শ ডলার। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাতায়াত, জ্বালানি, হোটেল, খাবার ও নিবন্ধন ফি বহন করতে হয়। এক স্থান থেকে অন্য স্থানে নৌকা পরিবহনের খরচও কম নয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলের মাছ ধরার দল আনুষ্ঠানিক স্কুল ক্রীড়া দল হিসেবে পরিচালিত হয় না; বরং ক্লাবের মাধ্যমে কার্যক্রম চালায়। নৌকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বীমাসংক্রান্ত দায়দায়িত্বের কারণে অনেক স্কুল আনুষ্ঠানিক দল গঠনে আগ্রহী নয়। ফলে দলগুলোর খরচ মেটাতে নিজেদের উদ্যোগেই অর্থ সংগ্রহ করতে হয়। এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপ। একটি স্পনসরশিপের জন্য কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। এ কারণে প্রতিযোগীদের জার্সিতে দেখা যায় বিভিন্ন বেইট শপ, মেরিনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোগো। তবে পেশাদার অ্যাঙ্গলার হতে শুধু মাছ ধরার দক্ষতাই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরির সক্ষমতা। স্পনসরদের কাছ থেকে সহযোগিতা পেতে হলে প্রতিযোগীদের নিজেদের দক্ষতা ও পরিচিতি প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ শুধু স্পনসরের কাছে গিয়ে সহায়তা চাইলেই হয় না, তৈরি করতে হয় নিজের বাজারমূল্যও। আরটিভি/এসকে
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক গরমের কারণে অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
একই কালো চামড়ার জ্যাকেট পরে বছরের পর বছর আলোচনায় ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান