
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছারপোকা নির্মূল করতে ভবনটিতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কীটনাশক প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেমা জানিয়েছে, ৫০০ সি স্ট্রিটের ভবনের একটি কক্ষেই অল্পসংখ্যক ছারপোকা পাওয়া গেছে। পুরো ভবনে এ সমস্যা ছড়ায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ৪০০ সি স্ট্রিটের ভবনটিও কীটনাশক প্রয়োগের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে কোনো ছারপোকা পাওয়া যায়নি।
সংস্থাটি জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) থেকে দুই ভবনেই স্বাভাবিক কার্যক্রম শুরুর আশা করা হচ্ছে। এ ঘটনায় দুর্যোগ মোকাবিলা ও জরুরি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ফেমা।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


