ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ এএম
নিম্ন রক্তচাপ থাকলে ব্যায়ামের সময় পর্যাপ্ত পানি পান করা এবং ব্যায়াম শেষে ধীরে ধীরে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। ছবি: সংগৃহীত

ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ ব্যায়ামের সময় বা ব্যায়াম শেষ করার পর হঠাৎ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা দুর্বল লাগার মতো সমস্যা হতে পারে।

সাধারণভাবে রক্তচাপ ১২০/৮০ পারদচাপের নিচে থাকাকে ভালো মাত্রা ধরা হয়। তবে রক্তচাপ নিয়মিত ৯০/৬০ পারদচাপের নিচে থাকলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয়। অনেক সুস্থ ও সক্রিয় মানুষের রক্তচাপ কম হলেও কোনো উপসর্গ থাকে না। তবে বয়স্ক ব্যক্তি বা অন্য শারীরিক সমস্যা থাকা মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, ক্লান্তি, বিভ্রান্তি এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে।

ব্যায়ামের পর কেন মাথা ঘোরে

ব্যায়ামের সময় শরীরের পেশিতে বেশি অক্সিজেন পৌঁছে দিতে হৃদ্‌যন্ত্র দ্রুত স্পন্দিত হয়। ফলে রক্তচাপও কিছুটা বেড়ে যায়। কিন্তু ব্যায়াম শেষ করার পর স্বাভাবিকভাবেই রক্তচাপ কমতে শুরু করে।

এ অবস্থাকে ব্যায়ামের পর নিম্ন রক্তচাপ বলা হয়। যাদের আগে থেকেই রক্তচাপ কম, তাদের ক্ষেত্রে এই সাময়িক পতনের কারণে হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে মাথা ঘুরতে বা হালকা লাগতে পারে।

ব্যায়ামের সময় হঠাৎ বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে যাওয়ার মতো দ্রুত ভঙ্গি পরিবর্তনও একই ধরনের সমস্যা তৈরি করতে পারে।

ব্যায়ামের সময় পানি খাওয়ার অভ্যাস করুন

নিম্ন রক্তচাপ থাকলে ব্যায়ামের সময় শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে গেলে রক্তচাপ আরও কমে যেতে পারে।

তবে ব্যায়াম শুরুর ঠিক আগে একসঙ্গে অনেক পানি পান করার চেয়ে সারা দিন অল্প অল্প করে পানি পান করা বেশি কার্যকর। ব্যায়ামের সময়ও সঙ্গে পানির বোতল রাখুন এবং প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি পান করুন।

ব্যায়াম শেষে হঠাৎ থামবেন না

হৃদস্পন্দন বাড়ানো ব্যায়াম শেষ করার পর হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্পূর্ণ থেমে যাওয়া ঠিক নয়।

ব্যায়ামের পর রক্তনালিগুলো কিছু সময় প্রসারিত থাকে। ফলে পা ও পায়ের পাতায় রক্ত জমে যেতে পারে। আবার পেশির নড়াচড়া বন্ধ হয়ে গেলে পা থেকে হৃদ্‌যন্ত্রের দিকে রক্ত ফেরার গতিও কমে যায়।

তাই ব্যায়াম শেষে অন্তত পাঁচ মিনিট ধীরে ধীরে নড়াচড়া করে শরীরকে স্বাভাবিক অবস্থায় আনুন। মাথা ঘোরা বা অন্য কোনো উপসর্গ থাকলে আরও বেশি সময় নিয়ে ধীরে ধীরে ব্যায়াম শেষ করুন।

কোন ব্যায়াম তুলনামূলকভাবে নিরাপদ

নিম্ন রক্তচাপের কারণে দাঁড়িয়ে ব্যায়াম করার পর মাথা ঘুরলে বসে করা ব্যায়াম বেছে নেওয়া যেতে পারে। যেমন হেলান দিয়ে বসা অবস্থায় চালানো যায় এমন স্থির সাইকেল বা বসে বৈঠা টানার যন্ত্র ব্যবহার করা যেতে পারে।

সাঁতারও উপকারী হতে পারে। পানিতে শরীর প্রায় অনুভূমিক অবস্থায় থাকে। পাশাপাশি পানির চাপ হাত-পা থেকে রক্ত ও তরল শরীরের মাঝামাঝি অংশ এবং হৃদযন্ত্রের দিকে ফিরতে সাহায্য করে। এতে প্রতিবার হৃদ্‌যন্ত্রের স্পন্দনে বেশি রক্ত সঞ্চালিত হতে পারে।

শক্তির ব্যায়ামেও কিছু পরিবর্তন দরকার

হাতের ব্যায়াম করার সময় দাঁড়িয়ে থাকার পরিবর্তে চেয়ার বা পিঁড়িতে বসে তা করা যেতে পারে।

গভীরভাবে বসে ওঠার ব্যায়াম বা নিচু অবস্থান থেকে দ্রুত উঠে দাঁড়ানোর মতো ব্যায়ামের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের দ্রুত ভঙ্গি পরিবর্তনে মাথা ঘুরতে পারে।

যোগব্যায়ামের এমন ভঙ্গিও এড়িয়ে চলা ভালো, যেখানে মাথা হৃদ্‌যন্ত্রের নিচে থাকে। ওই অবস্থান থেকে দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে ফিরলে মাথায় রক্তপ্রবাহের দ্রুত পরিবর্তনের কারণে মাথা ঘুরতে পারে।

মেঝের ব্যায়াম ও দাঁড়িয়ে করার ব্যায়াম কীভাবে করবেন

ব্যায়ামের মধ্যে মেঝেতে বসে, হাঁটু গেড়ে বা শুয়ে করা ব্যায়াম এবং দাঁড়িয়ে করা ব্যায়াম থাকলে বারবার অবস্থান পরিবর্তন না করাই ভালো।

প্রথমে মেঝেতে করার সব ব্যায়াম শেষ করে এরপর ধীরে ধীরে দাঁড়ানো যেতে পারে। প্রয়োজন হলে দাঁড়ানোর আগে কিছুক্ষণ বসে বা হাঁটু গেড়ে থেকে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ দিন।

নিম্ন রক্তচাপ থাকলেও নিয়মিত ব্যায়াম করা সম্ভব। তবে ব্যায়ামের ধরন, শরীরের অবস্থান এবং ব্যায়াম শেষে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। ব্যায়ামের সময় বারবার মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার মতো অনুভূতি বা অন্য কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: হার্ভার্ড

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।  তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি। মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক? মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়? অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে। কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি? পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা। এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ? মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে- ১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে। ২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে। ৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে। তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন? ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসকে
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
মাত্র ১০ মিনিটেই করুন পুরো শরীরের ব্যায়াম
মন ভালো রাখতে মানুন ৪ সহজ অভ্যাস
ব্যায়ামের সময় নেই? ঘরের কাজেই মিলবে উপকার