
ওজন কমানোর দৌড়ে খাদ্যতালিকায় কোন খাবারটি রাখা সবচেয়ে জরুরি, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে পেটের জেদি চর্বি কমানোর ক্ষেত্রে শসা কতটা কার্যকর, তা নিয়ে অনেক সময় আলোচনা হয়।
পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর লড়াইয়ে শসা অত্যন্ত শক্তিশালী এক সহায়ক উপাদান হতে পারে। এর প্রধান কারণ হলো শসায় থাকা প্রায় ৯৫ শতাংশ পানি এবং অত্যন্ত কম ক্যালোরি। শসা খেলে শরীরে ক্যালোরির মাত্রা বাড়ে না, বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যা পরোক্ষভাবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।
শসাকে ‘ডায়েট ফ্রেন্ডলি’ খাবার বলার পেছনে রয়েছে এর বিশেষ গুণাগুণ। এতে থাকা প্রচুর পরিমাণ ফাইবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শসায় থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিয়ে এটি শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। কেবল মেদ ঝরানোই নয়, শসার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সতেজতা ধরে রাখতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও বেশ কার্যকর।
তবে মনে রাখা প্রয়োজন, শুধু শসা খেয়েই পেটের মেদ পুরোপুরি কমানো সম্ভব নয়। দ্রুত ও কার্যকর ফলাফল পেতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি শসাকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
শসার পানির পরিমাণ শরীরকে হাইড্রেটেড রাখে, যা বিপাক ক্রিয়া বা মেটাবোলিজম উন্নত করতে সাহায্য করে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে প্রতিদিনের খাবারের সাথে শসা রাখা হতে পারে মেদহীন শরীর পাওয়ার একটি সহজ ও কার্যকরী উপায়।
আরটিভি/এএইচ




