হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘মোবাইল সার্জিক্যাল ইউনিট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চীন-বাংলাদেশ স্বাস্থ্য খাত সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে অত্যাধুনিক ‘মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট’ (ভ্রাম্যমাণ ভ্যান) হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবা খাতে আমূল পরিবর্তনের যে রূপকল্প ও মিশন তুলে ধরা হয়েছে, এই ভ্রাম্যমাণ ইউনিট সেই উদ্যোগকে আরও গতিশীল করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সংস্কার ও পুনর্গঠন করছে যেন সরকারি হাসপাতালের সুবিধাগুলো প্রকৃত অর্থেই সাধারণ জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত থেকে এই অত্যাধুনিক ভ্যানটি হস্তান্তর করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ স্বাস্থ্য খাতের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মোবাইল ইউনিটের মাধ্যমে এখন থেকে ঢাকার বাইরেও প্রত্যন্ত অঞ্চলের হৃদরোগীরা উন্নত রোগ নির্ণয় ও জরুরি সার্জিক্যাল সুবিধা লাভের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি বলেন, অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতও গত ১৫ বছরে দুর্নীতি, তদারকির অভাব এবং সঠিক পরিকল্পনার অভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অধীনে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সংস্কার ও পুনর্গঠন করতে চাই, যাতে সরকারি হাসপাতালের সুবিধা প্রকৃত অর্থে সাধারণ জনগণের চাহিদ মেটাতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য খাতের অগ্রাধিকারগুলো চিহ্নিত করে সেগুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করা এখন সময়ের দাবি। বিশেষ করে হাসপাতাল সম্প্রসারণ, চিকিৎসা গবেষণা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের সাথে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দ্রুততার সাথে একটি স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যা আমাদের বর্তমান ও তাৎক্ষণিক প্রয়োজনগুলো মেটাতে সাহায্য করবে।
আরটিভি/এমআই



