
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভিকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তালহা আহমেদ অভিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করার অভিযোগ ওঠার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। পরে বিষয়টি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




