
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) নাহিয়ান বিন অনিককে দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে নাহিয়ান বিন অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত আট নেতা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ।
নাহিয়ানকে দেওয়া শোকজ নোটিশ ও আট নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরটিভি/টিআর


