ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। ছবি: সংগৃহীত

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস আজ দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মুহুর্ত এবং বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা পর্ব এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতি গঠন প্রক্রিয়ায় এর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বহুদলীয় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন।

একই সঙ্গে দেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষায় জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা ধারণ ও সংরক্ষণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বাংলাদেশের জাতীয় জীবনে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। তিনি এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে বলেন, এদিন সৈনিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরবর্তীতে গভীর সংকট থেকে দেশকে উত্তরণের দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়।

রাষ্ট্রদূত বলেন, জাতীয় নেতা হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে উৎপাদনমুখী রাজনীতির পথিকৃৎ হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও তার সুদূরপ্রসারী অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচারসর্বস্ব রাজনীতির পরিবর্তে উৎপাদনমুখী রাজনীতির প্রবর্তন, জাতীয় নীতিনির্ধারণে বাংলাদেশি জাতীয়তাবাদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ ও বিষয়াবলিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার মাধ্যমে তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তি স্থাপন করেন।

জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের সাবেক রাষ্ট্রদূতগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নেপালের বিশিষ্ট ব্যবসায়ী, সার্ক, ICIMODসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুও আছে।  
সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবিতে উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। সভা পরিচালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের আহ্বায়ক কমিটির আটজন সভায় উপস্থিত ছিলেন। সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় এবং রুটটির বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করতে সম্ভাব্য যাত্রীসংখ্যা, আয় ও ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির নেতারা জানান, এসব তথ্য বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হবে। সভায় বক্তারা বলেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। এতে যাত্রার সময় কমবে, ট্রানজিটের ভোগান্তি এড়ানো সম্ভব হবে এবং যাতায়াত আরও সহজ হবে। তবে সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে যাত্রী চাহিদা ও রুটটির অর্থনৈতিক সক্ষমতা আগে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন তারা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও সভায় আলোচনায় আসে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথা জানায় সংগঠনটি। সভায় ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র প্রণয়ন, সাংগঠনিক কাঠামো নির্ধারণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা চালুর পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপনই যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব তৈরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা। সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরটিভি/টিআর
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় তা ওপরের দিক থেকে উল্টে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। মরিশাসের গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান। এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। আরটিভি/টিআর
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
আরও পড়ুন
প্রতিটি সংকটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান ও তার অনুসারীরা: জবি উপাচার্য
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক পরিচয় নয়, এটি একটি দর্শন: চবি উপাচার্য
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ