
চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে সফলভাবে আলু চাষ করেছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি গড়ে তুলতে খাদ্য উৎপাদনে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত গবেষণায় চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি উপাদানে আলু চাষ করা হয়। গবেষণাটি এনপিজে মাইক্রোগ্র্যাভিটি জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণার নেতৃত্ব দেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আয়মেরিক গোয়ের। তিনি জানান, আলু পুষ্টিগুণসমৃদ্ধ এবং তুলনামূলকভাবে কম জায়গায় বেশি ক্যালরি উৎপাদন করতে পারে। এতে পটাশিয়াম, ভিটামিন সি ও প্রোটিন রয়েছে।
পরীক্ষায় মডক জাতের আলু চাষ করা হয়। চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে পরীক্ষা চালান গবেষকরা। এতে দেখা যায়, জৈব সার ছাড়া আলুর শিকড় ও কন্দ প্রায় তৈরি হয়নি। তবে ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশালে কিছু শিকড় ও আলু উৎপন্ন হয়। ৩০ শতাংশ জৈব সার মেশানো মাটিতে উৎপাদন পৃথিবীর মাটিতে চাষ করা আলুর সমান হয়েছে।
গবেষকদের মতে, চাঁদের মাটিতে নাইট্রোজেনের অভাব এবং ভারী ধাতুর উপস্থিতি ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে। জৈব পদার্থ এসব বাধা কমাতে সহায়তা করে।
পরীক্ষায় উৎপাদিত আলু ছোট আকারের হলেও অন্য পরীক্ষায় বড় পাত্রে বাজারের আলুর মতো আকারের আলু উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছেন গবেষণার নেতৃত্বদানকারী গোয়ের। তবে গবেষণায় উৎপাদিত আলু এখনো খেয়ে দেখেননি বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে দীর্ঘমেয়াদি কিংবা স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। নাসা ২০২৮ সালে এবং চীন ২০৩০ সালের আগে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ভবিষ্যতে এসব ঘাঁটিতে খাদ্য সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় চাঁদে ফসল উৎপাদন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আলুর পাশাপাশি চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে ছোলা চাষ নিয়েও গবেষণা হয়েছে। টমেটো, লেটুস ও ডালজাতীয় ফসল উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। এসব গবেষণার প্রযুক্তি পৃথিবীর অনুর্বর ও দূষিত মাটিতে কৃষি উৎপাদন বাড়াতেও কাজে লাগতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
আরটিভি/এমএইচজে


