
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, হুইলচেয়ারে থাকা একজন মানুষের সামনে হঠাৎ এসে চিৎকার করে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বললেই তার মান-সম্মান নষ্ট হয়ে যায় না।
এ ধরনের আচরণকে ‘হাস্যকর আত্মসন্তুষ্টি’ ও ‘অসুস্থ চিন্তা’ বলে মন্তব্য করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, সারা বিশ্বে ইউনূস কতটা শ্রদ্ধেয় এবং তার কাজ কতটা অনুকরণীয় হয়েছে, তা বিরোধিতাকারীরা কল্পনাও করতে পারবেন না। এমনকি ভারতেও তিনি সম্মানিত হয়েছেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
তিনি আরও বলেন, ড. ইউনূসের সঙ্গে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, রাজা-রানি ও করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের ঘনিষ্ঠতা রয়েছে। তাদের অনেকেই তার সান্নিধ্যে আপ্লুত হয়েছেন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনেছেন।
বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্যের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, কাউকে সন্ত্রাসী বলে চিৎকার করা বা মিথ্যা গালাগালির মাধ্যমে ড. ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন করা সম্ভব নয়।
পোস্টের শেষাংশে তিনি এ ধরনের আচরণকারীদের সমালোচনা করে বলেন, সূর্যের দিকে ইট ছুড়ে মারলে যেমন তার আলো আড়াল করা যায় না, তেমনি এ ধরনের কর্মকাণ্ডেও ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ম্লান হবে না।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে একদল ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে তাকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
আরটিভি/এসএস


