
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে সূচি পরিবর্তন করতেও হিমশিম খাচ্ছে আইসিসি। তাই বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে এই তথ্য জানিয়েছে বিসিবি।
এদিন বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান পুনরায় স্পষ্ট করে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত-এর বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এ কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই আলোচনা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই ইস্যুর সমাধান কোন পথে এগোয়।
আরটিভি/এসআর




