ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। সামনে জাতীয় দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তার চোটের খবরে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হামজাকে পুরো পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা যায় যা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়, মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার খেলা হবে কি না।
এই প্রেক্ষাপটে ছবিটির সত্যতা যাচাই করে শুক্রবার (৬ফেব্রুয়ারি) একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে তারা জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ওই ছবিটি ভুয়া এবং হামজার প্রকৃত শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বাফুফে আরও নিশ্চিত করেছে, হামজা চৌধুরী বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে উঠছেন। বিবৃতিতে বলা হয়, আমরা তার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করি।

ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাফুফে বলেছে, সমর্থকদের অনুরোধ করা হচ্ছে, যাচাইবিহীন কোনো তথ্য শেয়ার না করতে এবং সঠিক খবরের জন্য কেবল বাফুফের অফিসিয়াল বার্তা অনুসরণ করতে।
এদিকে হামজার পাশে দাঁড়ানোর ডাকও দিয়েছে ফেডারেশন। তারা জানিয়েছে, আসুন আমরা তথ্য, ইতিবাচকতা ও সমর্থন নিয়ে আমাদের এই খেলোয়াড়ের পাশে দাঁড়াই। মাঠে হামজার শক্তিশালী প্রত্যাবর্তনের প্রত্যাশায়।
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এরপর পাঁচ দিন পর, ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে।
আরটিভি/এসকে





