আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমার জুনিয়রের থাকা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে দরকার বলে মন্তব্য করেছেন তার সতীর্থ রদ্রিগো।
সম্প্রতি কেজ টিভির উম দিয়া কম...অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তার মতে, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমার ছাড়া অপূর্ণ থেকে যাবে।
রদ্রিগো বলেন, বিশ্বকাপে নেইমার? আমার মতে, এটা নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা না। আমরা জানি সে পুরো ফিট হতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। ও ছাড়া মজাটা একই রকম হবে না। আমাদের তাকে দরকার।
গত মৌসুমে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার দলটিকে অবনমন এড়াতে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর ২২ ডিসেম্বর ২০২৫ তিনি হাঁটুর মিডিয়াল মেনিস্কাস ইনজুরির চিকিৎসার জন্য অস্ত্রোপচার করান। নতুন মৌসুমেও সবশেষ ম্যাচে আলো ছড়িয়ে জোড়া গোল করেছেন।
নেইমারের শারীরিক অবস্থা এবং বিশ্বকাপের উচ্চ প্রতিদ্বন্দ্বিতা এই দুই বিষয়ই আনচেলত্তিকে বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে তিনি তার সেরা ফর্মের ঝলক দেখালেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেস এবং কোচের পরিকল্পনার ওপর।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান কোচ ইতোমধ্যে ২৬ সদস্যের দলে ১৮ জনের নাম চূড়ান্ত করেছেন, তবে সেখানে নেইমারের নাম নেই। যদিও রদ্রিগো মনে করেন, কোচের সিদ্ধান্তে বদল আসতে পারে।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিল ‘গ্রুপ সি’তে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে।
আরটিভি/এসআর




