ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী মোহামেডান। বৃষ্টিতে আগে থেকেই মাঠ ভারী থাকায় বিপাকে পড়তে হয়েছে দুই দলের ফুটবলারদের। তবে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠে ছেড়েছে মোহামেডান।
মঙ্গলবার (৫ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় মোহামেডান। কর্ণার থেকে হেডে জুয়েল গোল করেন।
প্রথমার্ধ শেষের পর বিরতির সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল।
৭৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান সৌরভ। মোজাফ্ফরভের ফ্রি কিক রহমতগঞ্জের গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। ফসকে যাওয়া বল সৌরভ জালে পাঠালে মোহামেডানের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।
মোহামেডান এই ম্যাচ জিতলেও সরাসরি ফাইনাল খেলতে পারছে না। তাদেরকে ১২ মে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে। ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডানকে।
আরটিভি/এসআর



