ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলকে হারিয়েছিলাম হাইতি কোচের হুঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার চোটের কারণে মাঠের বাইরে থাকায় স্বস্তি পেয়েছে হাইতি শিবির। শনিবার (২০ জুন) ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে হাইতির প্রধান কোচ সেবাস্তিয়েন মিগনে জানিয়েছেন, নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছেন তিনি এবং ইতিহাস গড়ার স্বপ্নও দেখছেন।

বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সাম্প্রতিক চোটের কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। হাইতির বিপক্ষেও তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। নকআউট পর্বের আগে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন মিগনে। কারণ অতীতে নেইমার ছাড়া ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ বিশ্বকাপে তিনি ক্যামেরুনের সহকারী কোচ ছিলেন। সেই আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুন ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। ওই ম্যাচে খেলেননি নেইমার।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মিগনে বলেন, আমি একটি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। চার বছর আগে যখন আমি ক্যামেরুনের কোচিং স্টাফে ছিলাম, তখনও নেইমার খেলেনি। ঠিক কী কারণে সে খেলেনি মনে নেই, তবে আমি এটাকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করব।

শুধু জয় নয়, হাইতির লক্ষ্য দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দেওয়া। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন হাইতি কোচ।

মিগনে বলেন, সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে খেলেছিলাম। শনিবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। হাইতির সমর্থকেরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চাই আমার খেলোয়াড়রা এই বার্তাটি উপলব্ধি করুক এবং এমন পারফরম্যান্স দিক, যাতে পুরো দেশ তাদের নিয়ে গর্ব করতে পারে।

তিনি আরও যোগ করেন, স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পেরেছিলাম। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হবে আরও বড় পরীক্ষা। আমরা কী করতে পারি, সেটি দেখানোর এটাই সেরা সুযোগ।

আরও পড়ুন

এদিকে নেইমারকে ছাড়াই মাঠে নামতে যাওয়া ব্রাজিল নিজেদের শক্তিমত্তা প্রমাণে আত্মবিশ্বাসী। তবে হাইতি কোচের মন্তব্য ম্যাচটির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে হাইতি সত্যিই কোনো চমক দেখাতে পারে কি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
আরও পড়ুন
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি
আবারও এক হচ্ছেন নেইমার-কৌতিনহো
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার