বিসিবি সভাপতি হওয়ার পর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। তারই ধারাবাহিকতাই দেশজুড়ে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছেন। বিসিবির জেলা কোচ হতে সবমিলিয়ে আবেদন পড়েছে ২১৮টি।
বুধবার (২২ জুলাই) ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে আবেদন করা কোচদের লিখিত পরীক্ষা। এরপর আগামীকাল অনুষ্ঠিত হবে প্রাকটিক্যাল পরীক্ষা। সবশেষ শুক্রবার অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। স্বচ্ছতা রাখতে ভাইভাতে সবই রেকর্ড থাকবে বলে জানা গেছে।
কোচদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করছেন বিসিবির তিন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম এবং মিজানুর রহমান বাবুল। টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ বাদে দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ নিয়োগ দেবে বোর্ড।
চাকরির ধরন চুক্তিভিত্তিক, যার মেয়াদ হবে ২ বছর। তবে দুই পক্ষের সম্মতিতে চুক্তি নবায়নযোগ্য। আবেদনকারীদের অবশ্যই লেভেল-১ কোচিং সনদধারী অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া, যে জেলার জন্য আবেদন করবেন, সেই জেলার স্থায়ী বাসিন্দা হওয়ারও শর্ত রাখা হয়েছে।
আরটিভি/এসআর




