ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আর্জেন্টিনা জাতীয় দলের ড্রেসিংরুমে তৈরি হয়েছিল এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। শিরোপা নির্ধারণী ম্যাচের কয়েক দিন আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়ে চমকে দেন অধিনায়ক লিওনেল মেসি। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা ও ইংলিশ ফুটবলার কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওর সুবাদে মেসির এই উদ্যোগের বিষয়টি প্রকাশ্যে আসে।

কেলসি নিজেও ইংলিশ ক্লাব বোর্নমাউথের নারী দলের একজন ডিফেন্ডার। আর্জেন্টিনা দলের ডিফেন্ডার সেনেসির সঙ্গে কেলসির সম্পর্কের বিষয়টি বেশ আগে থেকেই প্রকাশ্যে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে কেলসি সেনেসির পাওয়া উপহারটি সবার সামনে আনেন। উপহারের মূল আকর্ষণ ছিল একটি বাদামি রঙের ব্যক্তিগতকৃত (কাস্টমাইজড) ব্যাগ। ব্যাগের সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম খোদাই করা ছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, দলের সব সতীর্থকেই এই বিশেষ উপহার দিয়েছেন মেসি। ব্যাগের ভেতরের জিনিসপত্র একে একে দেখিয়ে সেনেসির বান্ধবী বাওয়ার্স বলেন, ‘আমি দারুণ কিছু আপনাদের দেখাতে চাই, যা আপনারা পছন্দ করবেন। কাস্টমাইজড ব্যাগটি মার্কোস ফাইনাল শেষে নিয়ে এসেছে এবং এতে তার নাম লেখা। এটি দলের সবাইকে দেওয়া মেসির উপহার।’

আরও পড়ুন

ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় 'মাতে' রাখার জন্য সোনালি রঙের একটি থার্মাল ফ্লাস্ক, যা মেসির নিজস্ব ব্র্যান্ডের তৈরি। এর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় একটি কাপ ও চামচ। এ ছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী চা পাতার (ইয়ার্বা) একটি প্যাকেজও ছিল সেই ব্যাগে। উপহারগুলো দেখাতে দেখাতে বাওয়ার্স বলেন, ‘মার্কোস এসব আমাকে নিরাপদে রাখতে দিয়েছিল এবং বলেছিল মায়ামিতে গিয়ে যেন ফেরত দিই।’

আর্জেন্টাইন সংস্কৃতিতে ‘মাতে’ কেবল একটি পানীয় নয়, এটি মূলত বন্ধুত্ব, ঐক্য ও একসঙ্গে সময় কাটানোর প্রতীক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের খেলোয়াড়দের আড্ডায় মাতে ভাগাভাগি করে পান করার একটি ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বড় ম্যাচের আগে দলের ভেতর ঐক্য ও অনুপ্রেরণা বাড়াতে সতীর্থদের জন্য এমন স্মরণীয় উপহার বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলের অভ্যন্তরীণ সৌহার্দ্য ও অধিনায়ক হিসেবে মেসির এমন ইতিবাচক মনোভাবের প্রশংসাও করছেন সমর্থকেরা।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক ফুটবল খেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালের মঞ্চে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় মেসিদের। অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল