
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। সেই অভিজ্ঞতা কাছে লাগিয়ে অজিদেরও বিধ্বস্ত করেছিলেন তিনি। এবার কাউন্টিতে খেলার সুযোগ এসেছে শরিফুল ইসলামের। তবে এই বাঁহাতি পেসার ছাড়ছে না বিসিবি।
কেন্টের হয়ে ৪ ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে তাকে ইংল্যান্ডে খেলার ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে ভেড়াচ্ছে কেন্ট।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, শরিফুলের ক্ষেত্রে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার সাম্প্রতিক চোট ও সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায়। চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এই পেসার। তাই তাকে শতভাগ ফিট রেখে জাতীয় দলের জন্য প্রস্তুত রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।
তিনি বলেন, বিদেশি লিগ বা অন্য কোনো প্রতিযোগিতায় খেলার জন্য এই মুহূর্তে শরিফুলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে আগে থেকেই ছাড়পত্র থাকায় হাসান মাহমুদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই।
জানা গেছে, শরিফুলের পরিবর্তে খালেদকে নিয়ে কেন্টের সঙ্গে আলোচনা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে তাকে।
আরটিভি/এসআর




