
একদিকে রাজমুকুট, অন্যদিকে ফুটবল মাঠ জীবনে এমন দ্বিধার মুখোমুখি হওয়ার সুযোগ সবার আসে না। তবে উগান্ডার গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে এসেছিল এমনই এক বিরল সিদ্ধান্ত। তোড়ো রাজ্যের সিংহাসনে বসার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। রাজপরিবারের উত্তরাধিকার হওয়ার চেয়ে নিজের বর্তমান জীবন ও ফুটবলকেই বেছে নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের হয়ে খেলা কামুরাসি তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই। গত ২৭ আগস্ট মাত্র ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন তিনি।
রাজার মৃত্যুর পর নতুন উত্তরাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে রয়্যাল সাকসেশন কমিটি। সেখানে প্রথম পছন্দ হিসেবে উঠে আসে কামুরাসির নাম। কিন্তু রাজপরিবারের সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি।
রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার বরাত দিয়ে কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, কামুরাসির বর্তমান জীবন ও নানা দায়বদ্ধতা রয়েছে। এ অবস্থায় রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে কমিটিকে জানান তিনি।
কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন করে উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়ো রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়।
রাজপরিবারের উত্তরাধিকারী হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া কামুরাসি অবশ্য ফুটবলেই নিজের পরিচয় গড়ে তুলেছেন। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসই ডনসেরও তিনি অন্যতম পরিচিত মুখ এবং দলের অধিনায়ক।
রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এখন পুরো মনোযোগ ফুটবলেই কামুরাসির। আর চলতি মৌসুমে তার সামনে রয়েছে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ।
প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে এসই ডনস। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে তারা। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে দলটি।
রাজমুকুটের বদলে কামুরাসির চোখ এখন ফুটবলের মাঠে সেই ম্যাচসহ ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে নিজের গল্পটাকেই আরও এগিয়ে নিতে চান তিনি।
আরটিভি/এসকে




