
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি।
আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ।
গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ম্যাচের সময় ও সম্প্রচার
ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস
বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন।
আরটিভি/এসকে


