
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ জন্য ভারত ম্যাচ না খেলেই বার্সেলোনায় ফিরেছিলেন। এবার এই ব্রাজিলিয়ান ফুটবলারকে মিস করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।
কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করলেন, কাতালান জায়ান্টরা পরের দুটি ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে পাবে না। শনিবার গেতাফের বিপক্ষে লা লিগা ও মঙ্গলবার গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না তিনি।
গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে চোট পান রাফিনিয়া। ৪-২ গোলে সেলেসাওদের জেতা ম্যাচে হাফটাইমে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে দলের ট্রেনিং ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নেন রাফিনিয়া। ভারতের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ছিলেন না তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, স্বাস্থ্য পরীক্ষায় ডান ঊরুর পেছনে পেশির টিস্যুতে হালকা ফোলা দেখা গেছে।
ম্যাচের আগের দিন শুক্রবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, পূর্বসতর্কতা হিসেবে রাফিনিয়াকে আপাতত বাইরে রাখা হচ্ছে। ছবিতে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বড় ইনজুরি নয়।
বার্সেলোনা প্রথম সাত ম্যাচ জিতে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আগামী ২৫ অক্টোবর প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচেই রাফিনিয়াকে পাওয়ার আশা।
ফ্লিকের বিশ্বাস, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে শেষ হবে এবং গতবারের মতো দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে না তাকে।
আরটিভি/এসআর




