ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
আলেকজান্ডার সেফেরিন। ছবি: সংগৃহীত

নিজের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার সেফেরিন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে।

সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।

এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো।

সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য।

এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে।

উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে।
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ জন্য ভারত ম্যাচ না খেলেই বার্সেলোনায় ফিরেছিলেন। এবার এই ব্রাজিলিয়ান ফুটবলারকে মিস করতে যাচ্ছে কাতালান ক্লাবটি। কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করলেন, কাতালান জায়ান্টরা পরের দুটি ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে পাবে না। শনিবার গেতাফের বিপক্ষে লা লিগা ও মঙ্গলবার গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না তিনি।  গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে চোট পান রাফিনিয়া। ৪-২ গোলে সেলেসাওদের জেতা ম্যাচে হাফটাইমে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে দলের ট্রেনিং ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নেন রাফিনিয়া। ভারতের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ছিলেন না তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, স্বাস্থ্য পরীক্ষায় ডান ঊরুর পেছনে পেশির টিস্যুতে হালকা ফোলা দেখা গেছে। ম্যাচের আগের দিন শুক্রবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, পূর্বসতর্কতা হিসেবে রাফিনিয়াকে আপাতত বাইরে রাখা হচ্ছে। ছবিতে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বড় ইনজুরি নয়। বার্সেলোনা প্রথম সাত ম্যাচ জিতে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আগামী ২৫ অক্টোবর প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচেই রাফিনিয়াকে পাওয়ার আশা।  ফ্লিকের বিশ্বাস, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে শেষ হবে এবং গতবারের মতো দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে না তাকে। আরটিভি/এসআর
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেন, মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত দলটির বিশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে কার্যত অসহায় ফেলে রেখেছিল। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই তারকা মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান।  হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা। মৃত্যুর আগে তাকে যথাযথ চিকিৎসা ও পরিচর্যা দিতে গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। সমাপনী বক্তব্যে কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা অসুস্থ ম্যারাডোনাকে অসহায় পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল’। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, চিকিৎসাবিজ্ঞানের নীতির পরিপন্থী কাজ করেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেগুলোও নেননি। অভিযুক্তদের বিরুদ্ধে ‘দোলো ইভেনচুয়াল’ ধারায় অভিযোগ আনা হয়েছে। আইনি পরিভাষাটির অর্থ, কোনো ব্যক্তি তার কর্মকাণ্ডে ক্ষতি হতে পারে জেনেও সেটি চালিয়ে যান। রাষ্ট্রপক্ষ ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছে। অন্য চিকিৎসাকর্মীদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদন করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নার্স এবং কয়েকজন সমন্বয়কারী। অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই আবার ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন। আরটিভি/এসআর ‎  
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেছেন ফারহান আলী ওয়াহিদ। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি নিজের প্রথম গোলও করেছিলেন। এবার ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় ফারহানের। ২০১৯ সাল থেকে ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে বর্ষসেরা একাডেমি খেলোয়াড়দের পুরষ্কৃত করছে ক্লাবটি। ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে একাডেমি থেকে উঠে আসা ফুটবলারকে ‘জনি হেইনেস ট্রফি’ দেওয়া হয়।  ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম জানিয়েছে, ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’  নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশের এই ফুটবলার বলেন, এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু নিয়েও উচ্ছ্বসিত ফারহান। তার ভাষ্য, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।  তিনি আরও বলেন, প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। উল্লেখ্য, ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহামে পাড়ি জমান।  ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করে গত মে মাসে। তিনি বেছে নেন নাড়ি পোতা লাল-সবুজের দেশকে। আরটিভি/এসআর ‎  
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
আরও পড়ুন
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
ইনফান্তিনোর বিকল্প হিসেবে খেলাইফিকে চায় উয়েফা
বিশ্বকাপ ইস্যুতে ফিফার বিরুদ্ধে উয়েফার জরুরি বৈঠক