
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিহো।
শনিবার (১০ অক্টোবর) ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। এ ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।
এই শাস্তির কারণে আগামী ১৮ অক্টোবর সেভিয়া, ২৫ অক্টোবর বার্সেলোনা, ১ নভেম্বর রেসিং সান্তান্দার এবং ৭ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা।
রোমায় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। এরপর রোমার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় পায় রিয়াল। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিদ্ধান্ত ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তোলেন মরিনিহো।
তিনি বলেন, ‘স্পেনের একটি দলের এমন একজন খেলোয়াড়, যাকে স্প্যানিশ ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে, সে ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে জানতে পারবে যে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এটা কি স্বাভাবিক? তারা কি পরদিন সকালে সিদ্ধান্তটি জানাতে পারত না? স্টেডিয়ামে পৌঁছানোর প্রায় আগমুহূর্তে বাসে বসে আমাদের জানতে হবে যে ভিনিসিয়ুস চার ম্যাচের জন্য নিষিদ্ধ এটা কেন?’
মরিনিহো আরও বলেন, ‘এখন তারা নির্লজ্জভাবে এসব করছে। আসল সত্যটা প্রকাশ হয়ে গেছে। ম্যাচের দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড়কে জানতে হচ্ছে যে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
স্প্যানিশ ফুটবলের মর্যাদা ও র্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনে রিয়াল কোচ বলেন, ‘একটি স্প্যানিশ দল স্প্যানিশ ফুটবল, র্যাঙ্কিং ও মর্যাদার জন্য তিন পয়েন্ট অর্জন করেছে। ম্যাচের দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড়কে মানসিকভাবে ভেঙে দিতে চান আপনারা? আমার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয় না।’
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস। পরে বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল করা হয়। ভিডিওতে দেখা যায়, গোল করার আগে তিনি সালিবার চুল টেনে ধরেছিলেন। এরপর রেফারি তাকে লাল কার্ড দেখান।
শৃঙ্খলা কমিটি ‘সহিংস আচরণের’ জন্য ভিনিসিয়ুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ম্যাচ কর্মকর্তাদের কাছে প্রতিবাদ জানানোর কারণে আরও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে।
ঘটনার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হননি মরিনিহো। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ভিনিসিয়ুস। তিনি লেখেন, ‘দল এবং রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে আমি দুঃখিত।’
আরটিভি/এসকে




