
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে বিষয়টিকে গুঞ্জন বলে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি।
বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
অর্থাৎ সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচির সঙ্গে সংঘাতের কারণে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। এবার গ্রুপ ‘বি’-তে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর মালদ্বীপ এবং ১১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের।
আরটিভি/এসআর




