ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন আরেকটি পালক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
কাল্পনিক ছবি

বিশ্বকাপ জয়, আটটি ব্যালন ডি’অরসহ ক্যারিয়ারে অসংখ্য অর্জন। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ফুটবলে অসামান্য অবদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামোরে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই সম্মাননা গ্রহণ করবেন মেসি।

মেসির জন্য এই পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলারকে দেওয়া হচ্ছে প্রিন্সেস অব আস্তুরিয়াসের ক্রীড়া পুরস্কার। মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও মেসির অবদানকে স্বীকৃতি দিচ্ছে আয়োজকরা।

গত ৩ জুন ওভিয়েদোতে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। ২৭ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে তাকে বেছে নেয় পুরস্কারটির আয়োজক সংস্থা। মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার, ধারাবাহিক সাফল্য, বিনয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার দাতব্য কার্যক্রম বিচারকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৮১ সালে প্রবর্তিত হয় প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সম্মাননা। পুরস্কারের সঙ্গে রয়েছে স্প্যানিশ শিল্পী হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, ব্যাজ ও ৫০ হাজার ইউরো অর্থমূল্য।

ফুটবলের সঙ্গে এই পুরস্কারের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দল এবং ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন দল পেয়েছিল এই সম্মাননা। ২০১২ সালে যৌথভাবে পুরস্কারটি জেতেন স্পেনের দুই তারকা ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ।

এ ছাড়া টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদালের মতো ক্রীড়াবিদও পেয়েছেন এই পুরস্কার। তবে এককভাবে কোনো ফুটবলার হিসেবে এবারই প্রথম এই সম্মাননা পাচ্ছেন মেসি। রাজা ও রানির উপস্থিতিতে পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হবে আরেকটি স্মরণীয় অধ্যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
রিয়াল মাদ্রিদের যোগাযোগ ও প্রচারকৌশলকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এক অনানুষ্ঠানিক ভোটাভুটিতে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি। তবে তালিকায় সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্যারিয়ারের এই পর্যায়েও আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার অবস্থান চতুর্থ। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটে ১৯৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন ইয়ামাল। ১৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আর ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ইয়ামালের শীর্ষে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম স্থানের ভোট। ১৫ সম্পাদকের মধ্যে সাতজনই তাকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভোট থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তবে সেই সমর্থন ইয়ামালের সঙ্গে ব্যবধান ঘোচানোর জন্য যথেষ্ট হয়নি। ফলে তালিকায় দ্বিতীয় অবস্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংলিশ তারকাকে। তৃতীয় স্থানে থাকা এমবাপ্পের সংগ্রহ ১১৬ পয়েন্ট। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তার পয়েন্ট ৪৫। পঞ্চম স্থানে থাকা খভিচা কাভারাৎসখেলিয়ার সংগ্রহ ২২ পয়েন্ট। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফাবিয়ান রুইজ। কুয়োরার এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে নির্বাচন করেছেন। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট নির্ধারিত ছিল। সেই হিসাবে পাওয়া পয়েন্ট যোগ করেই তৈরি করা হয়েছে তালিকা। ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্যে অবদান এবং সামগ্রিক অর্জন বিবেচনা করা হয়। তবে কুয়োরার এই ভোটাভুটি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ভোট নয়। এটি কেবল অংশ নেওয়া সম্পাদকদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন। পুরস্কারের মূল ফলাফলেও এর কোনো প্রভাব নেই। তাই এই ভোটে ইয়ামাল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরটিভি/এসকে
ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে
মেসিকে এক নজর দেখার জন্য হাত কাটলেন তরুণ
লিওনেল মেসিকে একনজর দেখতে ভক্তদের পাগলামির শেষ নেই। প্রিয় তারকাকে দেখতে কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, কেউ ভিড় জমান হোটেলের সামনে।
মেসিকে এক নজর দেখার জন্য হাত কাটলেন তরুণ
ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় আয়োজন
ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে এবার আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো উদ্‌যাপনের পরিকল্পনা করেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় আয়োজন
পেলের জন্মদিনে জেনে নিন কিংবদন্তির ১০ অজানা গল্প
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, গোলের পর গোল আর একের পর এক ঐতিহাসিক অর্জন এসব মিলিয়েই পেলে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তিদের একজন।
পেলের জন্মদিনে জেনে নিন কিংবদন্তির ১০ অজানা গল্প
আরও পড়ুন
ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে
ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় আয়োজন
কেন ব্যালন ডি’অর জিততে পিছিয়ে থাকেন গোলকিপাররা
ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে এগিয়ে রোনালদো