
ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লেভ হাভরকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির এই বড় জয়ের নায়ক মরক্কোর তারকা আশরাফ হাকিমি। দুর্দান্ত পারফরম্যান্সে পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই রাইটব্যাক।
ম্যাচের ১৮ মিনিটে জশ মাজা গোল করে লেভ হাভরকে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে পিএসজি। তবে দ্রুতই ম্যাচে ফেরে প্যারিসের ক্লাবটি।
২৬ মিনিটে মিকা গড্টসের গোলের জোগান দেন হাকিমি। এর দুই মিনিট পর, ২৮ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও নিজের দাপট অব্যাহত রাখেন হাকিমি। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৬২ মিনিটে সেনে মায়ুলুর গোলে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি।
গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মরক্কান তারকা। ম্যাচে একটি অ্যাসিস্টসহ চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বর্তমান চ্যাম্পিয়নরা।
আরটিভি/এসকে


