ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ। ডান পায়ের চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারকে। মাইন্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষায় তার পায়ের টেন্ডনের আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বুন্দেসলিগায় মাইন্সের মাঠে ২-১ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নয়ার। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব সামলান ইয়োনাস উরবিগ।

রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে নয়ারের চোটের বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন। তবে তার ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি জার্মান জায়ান্টরা। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের।

মাইন্সের বিপক্ষে ম্যাচটি অবশ্য নয়ারের জন্য ছিল বিশেষ এক মাইলফলকের দিন। ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে বায়ার্নের ইতিহাসে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এর আগে পায়ের সমস্যার কারণে চারটি ম্যাচে খেলতে পারেননি নয়ার। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। তবে নতুন করে চোট পাওয়ায় আবারও অভিজ্ঞ এই গোলরক্ষককে ছাড়াই খেলতে হবে বায়ার্নকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে নিশ্চিত হার এড়ায় স্বাগতিকরা।
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ের নায়ক ফারমিন লোপেজ, করেছেন জোড়া গোল।
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে রোববার (৮ নভেম্বর) ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনাল। ভুটান এই ম্যাচে জিতলে বাংলাদেশকে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো। রোববার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও ভুটান। দুই দলের লড়াই দেখতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষকে সরাসরি দেখার সুযোগটাও কাজে লাগিয়েছেন তিনি। ভুটানের বিপক্ষে শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। ১৩ মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না দলটি। উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই দূরপাল্লার শটে সমতা ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ঘোচান ভুটানের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ফলে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে এখন গ্রুপসেরা হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। ভুটান অপেক্ষায় আছে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, দলটিতে ১৯ জন বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, যাঁদের অনেকেই অস্ট্রেলিয়া, জার্মানি ও সাইপ্রাসের লিগে খেলেন। প্রকৃত স্ট্রাইকার না থাকার সমস্যা নিয়ে ডুলিও অকপট। তিনি বলেন, নম্বর নাইন না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। কারণ, ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। আগামীকাল দেশে আসবেন তারা। আরটিভি/টিআর
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর তাতেই বিপাকে পড়েছে ভারত। দুটি প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে।  গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরপর ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে মাঠে নামে ভারত। দুটি ম্যাচই হয়েছিল কলকাতায়।  এর আগে ২৫ সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি ম্যাচ খেলেছিল তারা। পানামা পুরো পারিশ্রমিক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পাওনা অর্থের অর্ধেক পেয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি দেনা রয়েছে এআইএফএফের। মূলত টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে এআইএফএফ। ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল ভারত। কিন্তু টিকিটের চড়া দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশা অনুযায়ী ছিল না। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে চালু করা হয় একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার অফারও। এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ করতে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভায় সদস্যরা এর বিরোধিতা করেন।  তাদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও মনে করিয়ে দেন, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাহী কমিটি। স্থায়ী আমানতটি করা হয়েছিল প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময়। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি খতিয়ে দেখতে হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত হয়। এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম। ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে এসেছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও।  এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন। দেনা পরিশোধ করতে সময় বাড়ানোর আবেদনও করেছে তারা। আরটিভি/এসআর
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
আরও পড়ুন
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো