
৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
১৮: ৩৪, ১১ নভেম্বর
শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল সাকিব বাহিনী। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে নিশ্চিত হতো আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তা করতে পারেনি টাইগাররা। ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হেসে-খেলেই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এখনও জিইয়ে আছে বাংলাদেশের আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টের স্বপ্ন। তবে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে সাকিব-শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন।
শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মার্শের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৭ রানে ভর করে ৩২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে অজিরা।
বিস্তারিত : হেসেখেলেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া
স্মিথের ৫০
১৮: ১৬, ১১ নভেম্বর
ভার্টিগো উপসর্গ নিয়ে আগের ম্যাচে খেলা হয়নি তার। তবে ফিরেই স্টিভেন স্মিথ ছড়ালেন রানের ফোয়ারা। সেমির আগেই চিরচেনা ইনিংসে গ্রুপপর্বের শেষটা রাঙালেন তিনি। এটির তার ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক।
মার্শের ১৫০
১৮: ০৭, ১১ নভেম্বর
ক্যারিয়ারে প্রথমবারের মতো ১৫০ ছুঁলেন মার্শ। এর আগে, সর্বোচ্চ ১২১ রানের ইনিংসও খেলেছিলেন চলতি বিশ্বকাপেই। এ ইনিংসে এখন পর্যন্ত ১৬ চার ও ৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ ওভারে ১০ ওভারে অজিদের দরকার মাত্র ৪৩ রান।
৪০ ওভারে ২৬৪/২
ক্যারিয়ারে সবচেয়ে খরুচে বোলিং নাসুমের
১৮: ০১, ১১ নভেম্বর
০/৮৫
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলিং ইউনিট। এদিন ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেছেন নাসুম আহমেদ। ১০ ওভারে ৮৫ রান খরচায় তার ঝুলিতে নেই কোনো উইকেট। এর আগে, এক ইনিংসে সর্বোচ্চ ৬০ রান দিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।
আবারও শত রানের জুটি
১৭: ৫৬, ১১ নভেম্বর
দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটির পর তৃতীয় উইকেটেও শত রানের জুটি গড়েছে অজিরা। দলীয় ১২ রানে প্রথম ধাক্কা খাওয়ার পর সেখান থেকে টানা দুটি শত রানের জুটি গড়েছে অস্ট্রেলিয়া। এতে জয়ের দ্বারপ্রান্তে অনেকটাই এগিয়ে যাচ্ছে মার্শ-স্মিথরা।
মার্শের সেঞ্চুরি, নিয়ন্ত্রণে অজিরা
১৭:২২, ১১ নভেম্বর
দলীয় ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল অজিরা। তবে সেই ধাক্কা সামলে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শ, ক্যারিয়ারে তৃতীয়।। ৮৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় এই মাইলফলকে পৌঁছান টপ-অর্ডার এ ব্যাটার।
এর আগে, ব্যক্তিগত ৯৯ রানে দাঁড়িয়ে টানা চারটি ডট বল খেলেছিলেন মার্শ। এরপর নাসুমের বলে কাভারে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ।
৩১ ওভারে অস্ট্রেলিয়া ১৯২/২
মার্শ-ওয়ার্নার জুটি ভাঙলেন মোস্তাফিজ
১৬: ৫২, ১১ নভেম্বর
ব্যক্তিগত ৫৩ রানে ওয়ার্নারকে ফিরিয়ে ১২০ রানের জুটি ভেঙেছেন মোস্তাফিজ। এতে দলীয় ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারালো অজিরা। দ্য ফিজের ফুললেংথের বলটি আলতো করে তুলে দিতে চেয়েছিলেন অজি ওপেনার। তবে তাতে ভুল করেননি ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। মিড-অনে লুফে নিয়েছেন সেই ক্যাচ।
আলোচনায় চ্যাম্পিয়নস ট্রফি
১৬: ৩৮, ১১ নভেম্বর
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এখন আটে আছে বাংলাদেশ। সাকিব বাহিনীর পরেই অবস্থান লঙ্কানদের। আর একদম তলানিতে বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। এ ম্যাচে অজিরা ২২ দশমিক ৪ ওভারে জয় পেলেই লঙ্কানদের চেয়ে নেট রানরেট পিছিয়ে যাবে লাল-সবুজেরা। তবে এখন আর সেই সম্ভাবনা নেই।
এদিকে আগামী রোববার (১২ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে ডাচরা। ডাচদের নেট রানরেট ঋণাত্মক ১ দশমিক ৬৩৫। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে শুধু জয় পেলেই হবে, স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে হবে রোহিত শর্মার দলকে।
অন্যদিকে মার্শের পর ডেভিড ওয়ার্নারও ৫০ ছুঁয়ে ফেলেছেন। এই জুটির ১০০ পেরিয়েছে বেশ আগেই।
১৯ ওভারে অস্ট্রেলিয়া ১২২/১।
মার্শের ফিফটি, অস্ট্রেলিয়ার ১০০
১৬: ২৪, ১১ নভেম্বর
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ট্রাভিস হেড। তবে দ্রুতই নিয়ন্ত্রণ নেয় অজিরা। এরপর মার্শের ফিফটি (৩৭ বলে ৫০) ও ওয়ার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫তম ওভারের শেষে ১০০ ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের ১০০ পূর্ণ করতে লেগেছিল ১৫ দশমিক ১ ওভার।
প্রথম পাওয়ার প্লে শেষে...
১৫: ৫৬, নভেম্বর ১১
১০ ওভারশেষে
বাংলাদেশ ৬২/০; অস্ট্রেলিয়া ৫৮/১
অস্ট্রেলিয়ার ৫০
১৫: ৫৩, নভেম্বর ১১
ট্রাভিস হেড ফেরার পর জুটি গড়ার চেষ্টা করছেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। এই জুটিতে ৮ দশমিক ১ ওভারে ৫০ ছুঁয়ে ফেলেছে অজিরা।
হেডকে ফেরালেন তাসকিন
১৫:৩০, নভেম্বর ১১
বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সতর্ক শুরু করে অস্ট্রেলিয়া। তাসকিনের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে একটু জায়গা করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে স্কয়ার কাটে চার মেরেছিলেন ট্রাভিস হেড। তাতে আত্মবিশ্বাসটা বোধ হয় একটু বেড়ে গিয়েছিল।
পরের বলে লেগে টেনে তুলে মারতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন তিনি। একটু খাটো লেংথে বলটা করেছিলেন তাসকিন। তাতে সোজা বোল্ড হয়ে যান বাঁহাতি এই ব্যাটার। এতে ১১ বলে ১০ রানে ফিরলেন হেড। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১২।
৩০৬ রানে থামল বাংলাদেশ
১৪:৪৫, নভেম্বর ১১
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের এ ম্যাচে ব্যাট হাতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার। লিটন ও তানজিদের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর হৃদয়ের ৭৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের বড় সংগ্রহ পেয়েছে লাল-সবুজেরা।
বাংলাদেশের ৩০০
১৪:৪০, নভেম্বর ১১
চলতি বিশ্বকাপে প্রথমবারে মতো ৩০০ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ।
৪৯ ওভারে ৩০৩/৬।
শেষ মুহূর্তে ফিরলেন হৃদয়
১৪:২৭, নভেম্বর ১১
ব্যক্তিগত অর্ধশতক তুলে নেওয়ার পর দলের রান তোলার গতি আরও বাড়াচ্ছিলেন হৃদয়। তবে এতে খুব একটা লাভ হয়নি। উল্টো উইকেট বিলিয়ে দিয়েছেন এই ব্যাটার। মিডউইকেটে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৭৯ বলে ৭৪ রান করে থেমেছেন হৃদয়।
৪০ ওভারে ২৩৯/৪
১৪:১৯, নভেম্বর ১১
চলতি বিশ্বকাপে এ ম্যাচে বাংলাদেশের চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করতে বড় ব্যবধানে হার এড়াতে হবে টাইগারদের। আর জয় পেলে আসন্ন বৈশ্বিক আসরে জায়গা নিশ্চিত সাকিব বাহিনীর।
৪০ ওভার শেষে বাংলাদেশ ২৩৯/৪
হৃদয়ের ফিফটি
১৩:৫৫, নভেম্বর ১১
সাকিবের অনুপস্থিতি অজিদের বিপক্ষে চারে নেমেছেন হৃদয়। ক্রিজে নেমেই আগ্রাসী শুরু করেন তিনি। এ সময়ে দুই ব্যাটারের রান-আউট হয়ে যাওয়া দেখেছেন তিনি। তবে মুশফিকের সঙ্গে জুটি গড়ে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। ৬১ বলে অর্ধশতক পেয়েছেন এই ব্যাটার।
রান আউটে কাটা পড়লেন রিয়াদও
১৩:৪২, নভেম্বর ১১
জশ হ্যাজলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে ছুটেছিলেন হৃদয়। তাঁর ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনলেন মাহমুদউল্লাহ। ছুটে এসে বল ধরেছেন, এরপর ডাইভ দিয়ে থ্রো করে লাবুশেন স্টাম্প ভেঙেছেন সরাসরি। নাজমুলের মতো মাহমুদউল্লাহও ডাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচেননি তিনিও। এমনিতেই সেখানে সিঙ্গেল ছিল না।
তার ওপর লাবুশেনের মতো ফিল্ডারের কাছ থেকে রান নিতে যাওয়া আত্মহত্যারই সামিল! মাহমুদউল্লাহ খেলছিলেন দারুণভাবে, রানআউট হয়ে থামতে হলো তাঁকেও। আরেকবার দারুণ অবস্থান থেকে রানআউটে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। ২৮ বলে ৩২ রান করে থেমেছেন মাহমুদউল্লাহ, বাংলাদেশ ৩৬ ওভারে ২১৪/৪।
রান আউটে কাটা পড়লেন শান্ত
১২:৫৮, নভেম্বর ১১
আগের দুই ব্যাটসম্যান উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। এবার ব্যক্তিগত পঞ্চাশের আগেই ফিরলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয়ের সাথে ডাবল নিয়ে গিয়ে রান আউটে কাটা পড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বিদায়ের আগে ৫৭ বলে ৪৫ রান করেন তিনি।
বাংলাদেশ ২৯ ওভারে ১৭১/৩; তাওহীদ হৃদয় ৩৭, মাহমুদউল্লাহ রিয়াদ ০
নিজের উইকেট বিলিয়ে দিলেন লিটন
১২:২০, নভেম্বর ১১
অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গেলেন লিটন দাস। বাংলাদেশ ওপেনারের টাইমিং ভালোই ছিল। কিন্তু সরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মার্নাস লাবুশেনের হাতে। কমেন্ট্রি বক্সে শেন ওয়াটসনের ভাষায়, ‘ক্যাচিং অনুশীলন।’ আরেকবার, হ্যাঁ আরেকবার—বেশ ভালো শুরু পেয়ে উইকেট ছুড়ে এলেন ডানহাতি ব্যাটার লিটন। ৩০ পেরিয়ে ৪০-এর আগেই থেমেছেন তিনি, তানজিদের মতোই আউট হয়েছেন ৩৬ রানে।
বাংলাদেশ ২০ ওভারে ১১৪/২; নাজমুল শান্ত ২৩, তাওহীদ হৃদয় ৫

উড়ন্ত শুরুর পর ফিরলেন তামিম
১১:৫৫, নভেম্বর ১১
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে শন অ্যাবটের শর্ট লেংথের বলে ভড়কে যান তানজিদ। লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে তার, নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট।
১২তম ওভারে এসে অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেক থ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে।
বাংলাদেশ ১২ ওভারে ৮৩/১; লিটন ৩১, নাজমুল শান্ত ২
পঞ্চাশ পেরোল বাংলাদেশের
১১:৪০, নভেম্বর ১১
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুতে কিছুটা সাবধানে শুরু করলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হয়ে উঠেছেন দুই টাইগার ওপেনার। ইনিংসের নবম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দলের সংগ্রহ ফিফটি ছাড়িয়ে যান তানজিদ তামিম। ওপর প্রান্তে লিটন দাসও ইনিংস বড় করার চেষ্টা করছেন।
বাংলাদেশ ১০ ওভারে ৬২/০; লিটন ২৪, তানজিদ ২৮

একাদশ
১০:৩৮, নভেম্বর ১১
সাকিব আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন আগেই। খেলছেন না তানজিম হাসানও। বাংলাদেশ আজ নামছে দুই পেসার—তাসকিন ও মোস্তাফিজুরকে নিয়ে, সঙ্গে আছেন তিন স্পিনার—মিরাজ, মেহেদী ও নাসুম।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার রূপকথার নায়ক গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন না পুনেতে। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। আফগানিস্তানের বিপক্ষে ভার্টিগো সমস্যার কারণে না খেলা স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।
টস
১০:৩২, নভেম্বর ১১
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সকালে একটু সুইং মিলতে পারে বলে এমন সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন।

স্বাগতম
১০:২৫, নভেম্বর ১১
সবাইকে স্বাগতক আরটিভির লাইভ স্কোর আপডেটে। নিজেদের শেষ ম্যাচে কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেলা ১১ টায় মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা।




