
দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড
২২: ৩০, নভেম্বর ১৫
৪২তম ওভারে ঠিক আগের বলে ফুলটস মিস করে সুযোগ হারিয়েছিলেন ফিলিপস। পরের বলে তুলে মারতে গিয়ে তুললেন ক্যাচ। কিন্তু বুমরার স্লোয়ারটি আকাশে অনেকখানি তুলতে পারলেও বাউন্ডারি পার করাতে পারেননি। ওয়াইড লং অফে অনেক্ষণ অপেক্ষা করে ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩৩ বলে ৪১ রান করেন ফিলিপস।
এরপরের ওভারে কুলদীপের শিকার নতুন ব্যাটার মার্ক চ্যাপম্যান। সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জাদেজার হাতেই ক্যাচ দিয়েছেন তিনি। বিদায়ের আগে ৫ বলে ২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ড্যারেল মিচেলকে সঙ্গ দিতে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন মিচেল স্যান্টনার।
এখন ৩০ বলে ৯২ রান দরকার কিউইদের, হাতে আছে ৪ উইকেট। মিচেল ১১৭ বলে ১৩৪ ও স্যান্টনার ৪ বলে ৫ রানে খেলছেন।
মিচেলের সেঞ্চুরির পর বিপর্যয়ে নিউজিল্যান্ড
২১: ২৮, নভেম্বর ১৫
৩৯৮ রানের লক্ষ্য তাড়ায় নেমেছিলেন ৩৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর। কিন্তু মিচেল খেলছেন পাল্টা আক্রমণের দুর্দান্ত এক ইনিংস! মিডউইকেটে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে সেঞ্চুরি হাঁকালেন ডানহাতি এই ব্যাটার। এবারের বিশ্বকাপে মিচেলের এটি দ্বিতীয় সেঞ্চুরি, প্রথমটিও এসেছিল ভারতের বিপক্ষেই!
কিন্তু শামির ওই ওভারেই জোড়া উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। মিচেলের সেঞ্চুরির পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন উইলিয়ামসন। এর একবল পর লেগ বিফোরের ফাঁদে পড়ে শূন্যতেই সাজঘরে ফেরেন সহ-অধিনায়ক টম ল্যাথাম।
৩২তম ওভারে শামির করা বলে তুলে মেরেছিলেন উইলিয়ামসন, ডিপ স্কয়ার লেগে ক্যাচ নিতে ভুল করেননি সূর্যকুমার যাদব। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন শামি, পেলেন তাঁরই উইকেট। উইলিয়ামসন থেমেছেন ৭৩ বলে ৬৯ রানে। মিচেলের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৮১ রান!
মিচেলের পর উইলিয়ামসনের ফিফটি
২০: ৫০, নভেম্বর ১৫
রান তাড়ায় দ্রুতই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। এরপর বেশ চাপের সময়েও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল জুটি। এরই মধ্যে তারা দুজনে শতরানের জুটি গড়ে ফেলেছেন।
৪৯ বলে ফিফটি হাঁকিয়েছিলেন মিচেল। এবার দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ছুঁয়েছেন পঞ্চাশ, ৫৮ বলে। খুব একটা ঝুঁকি নিচ্ছেন না উইলিয়ামসন। সহজাত ব্যাটিংয়েই এগিয়ে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
এখন ২৬ ওভারে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১৬৫। ৫৯ বলে ৫০ রানে খেলছেন উইলিয়ামসন। ৬১ বলে মিচেলের রান ৬৪।
কনওয়ের পর রাচিনকেও ফেরালেন শামি
১৯: ৩৩, নভেম্বর ১৫
বিশ্বকাপে মোহাম্মদ শামির স্বপ্নযাত্রা যেন চলছেই! এবার সেমিফাইনালে এসে নিজের প্রথম ২ ওভারেই পেলেন ২ উইকেট! ডেভন কনওয়ের পর এবার তার শিকার রাচিন রবীন্দ্র। উইকেটের পিছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ১৩ রান করে ফিরলেন রবীন্দ্র। নিউজিল্যান্ড ৩৯/২!
কনওয়েকে ফেরালেন শামি
১৯: ২০, নভেম্বর ১৫
ভারতের দেওয়া ৩৯৮ রানের পাহাড়সম টার্গেট। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে দেখেশুনে প্রথম পাঁচ ওভারে ৩০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো এসে প্রথম বলেই উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি! তার করা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন ডেভন কনওয়ে। উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল।
কোহলির ইতিহাস গড়ার দিনে রানের পাহাড় ভারতের
১৮: ২০, নভেম্বর ১৫
২০১১ সালের চ্যাম্পিয়ন ভারত সবশেষ দুই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ২০১৯ সালে তাদেরকে বিদায় করেছিল নিউজিল্যান্ড। সে কিউইদের বিপক্ষে ২০২৩ সালে এসে ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ পেয়েছে রোহিত শর্মার দল। চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত।
ব্যাট হাতে ইতিহাস গড়া ৫০তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি। ১১৩ বলে ১১৭ রান করেন তিনি। এছাড়া শতকের দেখা পেয়েছেন শ্রেয়াস আইয়ারও। ৭০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
জীবন পাওয়ার পর আউট কোহলি
১৭: ৫২, নভেম্বর ১৫
অবশেষে এসেছিল কোহলিকে আউট করার সুযোগ! সাউদির বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলেছিলেন কোহলি, ১০৭ রানে দাঁড়িয়ে। ছুটে এসে ভালোভাবেই নাগাল পেয়েছিলেন গ্লেন ফিলিপস, কিন্তু রাখতে পারেননি। ফিলিপস যে মানের ফিল্ডার, তাতে এ ক্যাচ বেশ সহজই হওয়ার কথা ছিল!
তবে এ ওভারেরই শেষ বলে অবশেষে থেমেছেন কোহলি। ডিপ স্কয়ার লেগে এবার ধরে পড়েছেন কনওয়ের হাতে, ১১৭ বলে ১১৭ রান করে। শ্রেয়াসের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৬৩ রান।
ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি কোহলির
১৭: ৪০, নভেম্বর
৪২তম ওভারে লকি ফার্গুসনের চতুর্থ বলকে স্কয়ার লেগের দিকে খেলে ডাবলস নিয়ে সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। এর মাধ্যমে ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরির মালিক বনে গেলেন এই ব্যাটিং জিনিয়াস।
সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাটটা রেখে খুলেছেন গ্লাভস, এরপর হেলমেট। এরপর নুইয়েছেন মাথা। নিজের আদর্শ শচীন টেন্ডুলকারের সামনে, তাঁর মাঠে, তাঁকে ছাড়িয়ে গেলেন কোহলি। সেটিও বিশ্বকাপের সেমিফাইনালে। স্ত্রী আনুশকা শর্মার উল্লাস আর কোহলির চোখ-মুখের ভাষায় বলে দেয় সব!
এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির সর্বোচ্চ ছিল ৩৫ রান। সেটি ছাড়িয়ে আজ প্রথম ফিফটি পেয়েছেন। এবার প্রথম সেঞ্চুরিও। এখন ভারতের সংগ্রহ ৪২ ওভারে ১ উইকেটে ৩০৩ রান। কোহলি ১০৬ ও শ্রেয়াস আইয়ার ৬৬ রানে ব্যাট করছেন।

কোহলির ফিফটি
১৬: ৪০, নভেম্বর
রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো পঞ্চাশ রান স্পর্শ করলেন তিনি। ৪ চারে ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়লেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার ও ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসান ৭টি করে অন্তত পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন।
এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি। ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ৬শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।
চোট নিয়ে উঠে গেলেন গিল
১৬: ১৫, নভেম্বর
সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিতে পড়েন শুভমান গিল। এরপর তো উঠেই গেলেন তিনি। হেঁটেই মাঠ ছেড়েছেন, ক্র্যাম্প নাকি হ্যামস্ট্রিংয়ের চোট জাতীয় কিছু, সেটি বোঝা যায়নি। ৬৫ বলে ৭৯ রান করে আপাতত থেমেছেন গিল। কোহলির সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ার।
এখন ভারতের সংগ্রহ ২৩ ওভারে ১৬৪/১

দায়িত্বশীল ব্যাটিংয়ে গিলের ৫০
১৫: ৩৫, নভেম্বর
রোহিতের ঝোড়ো ব্যাটিংয়ের সময়ে কিছুটা দেখেশুনেই খেলছিলেন ওপেনার গিল। আগ্রাসী গতিতে রান তোলার একপর্যায়ে ভারতীয় অধিনায়ক ফিরলেও ক্রিজে থিতু হয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন গিল। ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেছেন ভারতীয় এই ওপেনার।
১৫ ওভারে ১১৮/১
ভারতের ১০০
১৫: ৩৫, নভেম্বর
ঝোড়ো শুরুর পর কিছুটা রানের গতি কমেছে ভারতের। তবে ওপেনার গিল ও টপ-অর্ডার ব্যাটার কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১০০ পেরিয়ে গেছে ভারত।
১০ ওভারে ভারত ৮৪
১৫: ২৪, নভেম্বর ১১
ঝোড়ো শুরুটা করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। তবে ছক্কার বিশ্বরেকর্ডের পরপরই থেমেছেন তিনি। কিন্তু দারুণ শুরু পেয়েছে ভারতীয় দল। প্রথম পাওয়ার প্লেতেই ৮৪ রান তুলে ফেলেছে তারা। ৪ রানে কোহলি ও ৩০ রান গিল ক্রিজে আছেন।
উড়ন্ত রোহিতকে ফেরালেন সাউদি
১৫:১০, নভেম্বর ১৫
ব্যাটিংয়ে নেমে রীতিমতো উড়ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া চার হাঁকান এই ওপেনার। এরপর নাম লেখান বিশ্বরেকর্ডে। কেননা, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের (৫১)। বোলিংয়ে এসে উড়ন্ত রোহিতকে ফিরিয়েছেন টিম সাউদি। ব্যক্তিগত অর্ধশতকের দ্বারপ্রান্তে গিয়ে ফেরার আগে ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন এই ওপেনার।

ষষ্ঠ ওভারেই ভারতের ৫০
১৪: ৫৮, নভেম্বর ১৫
ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেছিলেন মিচেল স্যান্টনার। কিউইরা ধারণা করেছিল, স্পিনে হয়তো কিছুটা আগ্রাসী মনোভাব কমাবেন ভারতীয় অধিনায়ক। কিন্তু তা হয়নি। স্যান্টনারের প্রথম বলেই সুইপ করে মেরেছেন চার। এরপর স্যান্টনারের লেংথ কমানো বলটিকে বাউন্ডারি পার করে পাঠিয়েছেন ওয়াংখেড়ের গ্যালারিতে।
৬ ওভারে ৫৮/০।
রোহিতের ছক্কার ফিফটি
১৪:৫২, নভেম্বর ১৫
বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা এখন রোহিতের। কিউইদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের দিনে ছক্কার ফিফটি করেছেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ক্রিস গেইলের (৪৯)। এক কথায়, ওয়াংখেড়েতে উড়ন্ত শুরু করেছে ভারত, বিপরীতে শুরুতেই চাপে ব্ল্যাক-ক্যাপসরা।
৫ ওভার শেষে ৪৭/০।

আক্রমণাত্মক শুরু
১৪:৪৪, নভেম্বর ১৫
ফাইনালে ওঠার লড়াই! তাই চাপ কিছুটা প্রত্যাশিতই। তবে তাতে কি! ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই চাপমুক্ত খেলার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে জোড়া চার হাঁকিয়েছেন তিনি। অন্যপ্রান্তে আরেক ওপেনার গিলও কম যান না। তিনিও আগ্রাসী শুরুটা করেছেন।
৩ ওভার শেষে ২৫/০।
শচীনের সঙ্গে ডেভিড বেকহাম
১৪:৪৪, নভেম্বর ১৫
একাদশ
১৪:০৭, নভেম্বর ১৫
এই ম্যাচে দুই দলই আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
টস
১৪:০৫, নভেম্বর ১৫
ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতেছে ভারত। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।
স্বাগতম
১৪:০২, নভেম্বর ১৫
সবাইকে স্বাগতক আরটিভির লাইভ স্কোর আপডেটে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।




