
ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’ চলাকালে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর ট্রফি। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে যাওয়া এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচনকে দেখা হচ্ছে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এই প্রতিযোগিতায় বাংলাদেশেরও রয়েছে অংশগ্রহণ। ‘এ’ গ্রুপে লাল-সবুজের সঙ্গী হয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল।
বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
নতুন এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।
বাংলাদেশের ম্যাচ সূচি:
২৫ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা
২৮ সেপ্টেম্বর-সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা
১ অক্টোবর-ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
আরটিভি/এসকে


