
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিনামূল্যের সুবিধায় পরিবর্তন আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন নিয়মে বিনামূল্যের অ্যাকাউন্ট থেকে জেমিনির উন্নত ‘ফ্ল্যাশ’ ও ‘প্রো’ মডেল ব্যবহারের সুযোগ সীমিত করা হচ্ছে। ফলে উন্নত সক্ষমতার মডেল ব্যবহার করতে চাইলে অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হবে ব্যবহারকারীদের।
গুগলের তথ্য অনুযায়ী, আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টধারীরা শুধু ‘জেমিনি ফ্ল্যাশ লাইট’ মডেল ব্যবহারের সুযোগ পাবেন। অন্যদিকে, উন্নত কাজের জন্য তৈরি ‘জেমিনি ফ্ল্যাশ’ ও জটিল বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর কাজের উপযোগী ‘জেমিনি প্রো’ মডেল ব্যবহার করতে অর্থ খরচ করতে হবে।
জেমিনির তিনটি মডেলের সক্ষমতায়ও রয়েছে পার্থক্য। ‘ফ্ল্যাশ লাইট’ তুলনামূলক সাশ্রয়ী ও সাধারণ কাজের জন্য তৈরি। ‘ফ্ল্যাশ’ মডেল দিয়ে আরও উন্নত কাজ করা যায়। আর ‘প্রো’ মডেলটি জটিল গাণিতিক সমস্যা সমাধান, কোডিং এবং কঠিন বিশ্লেষণমূলক কাজের জন্য বিশেষভাবে তৈরি।
তবে পরিবর্তনের প্রভাব শুধু বিনামূল্যের ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলার দিয়ে ‘গুগল এআই প্লাস’ ব্যবহারকারীরাও আর ‘জেমিনি ৩.১ প্রো’ মডেল ব্যবহারের সুযোগ পাবেন না।
গুগলের দাবি, জটিল গাণিতিক সমস্যা সমাধান ও কোডিংয়ের ক্ষেত্রে ‘প্রো’ মডেলটি বেশ দক্ষ। পাশাপাশি টেক্সট, ফাইল, ছবি ও ভিডিওর বিষয়বস্তু বুঝে গভীর বিশ্লেষণ করার সক্ষমতাও রয়েছে মডেলটির।
যারা নিয়মিত কোডিং, পড়াশোনা ও বিশ্লেষণমূলক কাজে জেমিনি ব্যবহার করেন, তাদের জন্য গুগলের ‘এআই প্রো’ সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হতে পারে। এ প্যাকেজের মাসিক খরচ ২০ ডলার। আর আরও বেশি ব্যবহারের সুযোগ ও উন্নত সুবিধা পেতে ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রিপশনের জন্য মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হবে।
এদিকে, প্রতিটি মডেলের জন্য ‘এফোর্ট লেভেল’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘লো’, ‘মিডিয়াম’ ও ‘হাই’ এই তিনটি স্তরের মধ্যে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। স্তর যত বেশি হবে, কোনো কাজ সম্পন্ন করতে মডেল তত বেশি বিশ্লেষণ ও প্রচেষ্টা চালাতে পারবে। এতে আরও বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে বেশি সক্ষমতা ব্যবহারের কারণে নির্ধারিত ব্যবহারের সীমাও দ্রুত শেষ হতে পারে।
এ ছাড়া ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবাররা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে ‘ডিপ থিঙ্ক’ অপশন ব্যবহার করতে পারবেন।
সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পর ‘এআই আল্ট্রা’ গ্রাহকদের ‘জেমিনি ৪ আর্গন’ ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে গুগল। বর্তমানে মডেলটি শুধু সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য চালু রয়েছে বলে জানানো হয়েছে।
নতুন এই পরিবর্তনের ফলে বিনামূল্যে জেমিনি ব্যবহারকারীদের উন্নত এআই সুবিধা পাওয়ার সুযোগ কমবে। একই সঙ্গে জটিল কাজের জন্য জেমিনির ওপর নির্ভরশীল ব্যবহারকারীদের অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন বাড়তে পারে।
সূত্র: এনগ্যাজেট
আরটিভি/এসকে


