
প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে মেটা। যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আওতায় টিকটক ও বাইটড্যান্সের সরাসরি বিজ্ঞাপনের পাশাপাশি এসব সেবায় ব্যবহারকারীদের নিয়ে যায়, এমন তৃতীয় পক্ষের বিজ্ঞাপনও রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপন প্রত্যাখ্যান করে টিকটক। এর পরপরই টিকটক ও বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় মেটা।
মেটার মুখপাত্র ক্রিস স্ক্রো বলেন, নিজেদের অ্যাপ থেকে ব্যবহারকারীদের সরিয়ে নিতে চায়, এমন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে মেটা বাধ্য নয়। বিভিন্ন শিল্পে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের সুযোগ না দেওয়া স্বাভাবিক ব্যবসায়িক চর্চা বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান বিরোধের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয় মেটা। ওই সমঝোতার আওতায় ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।
এরপর থেকে টিকটক ও ইউটিউবকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে মেটা। প্রতিষ্ঠানটির বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোনো একটি প্রতিষ্ঠানের একার নয়; সব প্ল্যাটফর্মকেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগে টিকটকের ওপরও চাপ বাড়ছে। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মটি। এ ধরনের নিয়ম লঙ্ঘনের দায়ে টিকটককে বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
এদিকে, বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্তের আগেই মেটার সঙ্গে প্রতিযোগিতায় বিভিন্ন পদক্ষেপ নেয় টিকটক। গত মাসে ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে দেয় প্ল্যাটফর্মটি। একই সঙ্গে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপনও প্রত্যাখ্যান করে তারা।
সব মিলিয়ে, ব্যবহারকারী ও বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগিতার পাশাপাশি শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়েও মেটা ও টিকটকের বিরোধ আরও তীব্র হচ্ছে। নতুন এই নিষেধাজ্ঞা দুই প্রযুক্তিপ্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করেছে।
আরটিভি/এসকে


