আজ মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা ফিরছে নদীতে। মাছ ধরার সরঞ্জাম নৌকা, জাল মেরামত কাজে জেলেপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাছ ধরা শুরু তাই জেলেদের চোখে মুখে আনন্দের ছাপ।
চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ অভয়াশ্রমে ৪ অক্টোবর থেকে শুরু হয় মা ইলিশ রক্ষা কার্যক্রম। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদী থেকে ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ। নিষেধাজ্ঞা শেষ, ফিরতে হবে নদীতে তাই জেলেপাড়ায় চলছে নৌকা জাল মেরামতে জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেলা মৎস্য অফিস তথ্য মতে, মা ইলিশ রক্ষায় ২২ দিনে ৪শ ৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে নদীতে। এতে আটক করা হয়েছে দুই শতাধিক জেলে। মোবাইল কোট ও নিয়মিত মামলার মাধ্যমে সাজা দেয়া হয়েছে ১১৯ জন জেলেকে। এক হাজার ৯৫ মেট্রিক টন ইলিশ ও ৫ হাজার ৭শ ১৭ লাখ মিটা জাল জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় অর্ধলাখ টাকা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে অভিযান। এবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম যথেষ্ট ভালো ভাবে সফল হয়েছে। চাঁদপুরে তেমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।
আরটিভি/এফএ




