মেহেরপুরের সাহারবাটি গ্রামের মুকুল হোসেন (৫৫) নামের এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আহত মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এসময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক জানান, প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল হোসেন বিএনপির কোনো পদ পদবীতে না থাকলেও এলাকায় বিএনপির একটি পক্ষের নেতৃত্ব নেন। আধিপত্য বিস্তার অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
আরটিভি/এসএস



