পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় আব্দুল্লাহ ফার্মেসির মালিক মাহাবুবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালত যখন অভিযান শুরু করে, তখন বাজারের অন্য সব ওষুধের দোকান তড়িঘড়ি করে বন্ধ করে মালিকরা সরে পড়েন।
অভিযান চলাকালীন পিরোজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার ও ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী জানান, অভিযান চলাকালীন আব্দুল্লাহ ফার্মেসি থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন উচ্চমাত্রার ব্যথানাশক ও ঘুমের ওষুধ, বিভিন্ন ধরনের ইনজেকশন ও মানহীন প্রেগনেন্সি কিট, জন্মনিয়ন্ত্রণ পিলসহ বিভিন্ন অবৈধ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
জব্দকৃত এসব মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধগুলো জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, ফার্মেসির প্রোপ্রাইটর মাহাবুবুর রহমান বিগত ৫ বছর ধরে ড্রাগ লাইসেন্স নবায়ন না করেই অবৈধভাবে ওষুধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
অভিযানকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা উপস্থিত থেকে ওষুধের কারিগরি মান যাচাইয়ে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, লাইসেন্সবিহীন ব্যবসা এবং ভেজাল ওষুধ বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থ রক্ষায় এবং নকল-ভেজাল ওষুধের কালোবাজারি রুখতে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরটিভি/এমএম




