পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে নিহতের মা মিনারা বেগম (৫৩) জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গত ২৪ মে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে মিনারা বেগম ঘরে থাকা একটি কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করলে কাইয়ুমের মৃত্যু হয়।
নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার বিভিন্ন আলামত, সাক্ষ্য-প্রমাণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরটিভি/এমএইচজে




