সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৫:১৫ পিএম


সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাউজানের কচুখাইন এলাকার বাসিন্দা প্রদীপ দাশ এবং পাশের বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার বাসিন্দা সমীরণ দাশ।

জানা গেছে, ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে কাজ চলছিল। দুপুরে প্রদীপ দাশ নামে এক শ্রমিক সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ট্যাংকের ভেতর অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকে কাজ করার সময় একজন শ্রমিক নিচে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য আরেকজন নিচে নামেন। পরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনই অচেতন হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission