ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে গিয়ে ধরা ৮ মিয়ানমারের নাগরিক

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
ছবি: আরটিভি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রাণ বাঁচাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) রাতে অনুপ্রবেশকালে ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকিবুনিয়া থানার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নামে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি উপস্থাপন করেন। তবে প্রাথমিক যাচাইয়ে ওই নথিপত্রের তথ্যের সঙ্গে তার পরিচয়ের কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে আট ব্যক্তি মিয়ানমারের রাখাইন রাজ্যের দিক থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে ঢুকে ৪১ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় আশ্রয় নেন।

এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বলেন, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তারা মায়ানমারের কোনো বাহিনীর সদস্য কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাই-বাছাই চলছে। তাদের আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল বলেন, কক্সবাজার ৩৪ বিজিবি আটজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী বা সংগঠনের সদস্য কি না, সেটি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি গ্রামের পলাশ (১৯) ও তার স্ত্রী মনি রানী (১৮) নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ ও মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যদিকে, একই দিন বিকেলে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হুমায়ুন কবির (১৩)। সে গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সাইকেলে করে বাজারে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়। কিশোরগঞ্জ থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/টিআর
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
নানা জটিলতায় প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে উদ্বোধন করা হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। জানা গেছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে মূলফৎগঞ্জ এলাকায় ছিল। ২০১৮ সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে পুরোনো হাসপাতাল ভবনের অধিকাংশ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হয়। পরে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নড়িয়া পৌরসভা এলাকায় উপজেলা পরিষদের কাছাকাছি প্রায় ছয় একর জমির ওপর প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর। তবে ভবন নির্মাণ শেষ হলেও নানা জটিলতায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। কেদারপুর এলাকার বাসিন্দা মাসুদুর রহমান দেওয়ান পুরোনো স্থানেই হাসপাতাল চালুর দাবিতে উচ্চ আদালতে রিট আবেদন করেন। রিটের নিষ্পত্তি না হওয়ায় নতুন হাসপাতাল চালু নিয়ে জটিলতা তৈরি হয়। দীর্ঘদিন হাসপাতালটি বন্ধ ও অব্যবহৃত থাকায় একপর্যায়ে বিভিন্ন মালামাল চুরির ঘটনাও ঘটে। এতে চালুর প্রক্রিয়া আরও পিছিয়ে যায় এবং প্রায় ছয় মাস অতিরিক্ত সময় হাসপাতালটি বন্ধ থাকে। সবশেষে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রোববার হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে নড়িয়াবাসীর জন্য উপজেলা পর্যায়ে ৫০ শয্যার আধুনিক চিকিৎসাসেবার সুযোগ তৈরি হলো। স্থানীয় বাসিন্দা কাশেম বেপারি বলেন, পদ্মা নদীর ভাঙনে পুরোনো হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নড়িয়ার মানুষ চিকিৎসাসেবা নিয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছেন। নতুন হাসপাতালটি চালু হওয়ায় এখন আমাদের চিকিৎসাসেবা পাওয়ার পথ সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন আহমেদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারহানা কাদির লাবন্য, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, স্থানীয় কিছু মানুষের প্রতিবন্ধকতার কারণে গত দুই বছর স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করতে দেরি হয়েছে। এতে স্থানীয়দের চিকিৎসাসেবা পেতে দুর্ভোগ হয়েছে। অবশেষে বহুল প্রত্যাশিত স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়েছে। আগামীকাল থেকেই পুরোদমে চিকিৎসাসেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করতে সয়েল টেস্টসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি 
এক গৃহবধূ নিজের রোগ নির্ণয় ও চিকিৎসক দেখাতে এসেছিলেন হাসপাতালে। সঙ্গে ছিলেন তার স্বামী বলে দাবি করা এক প্রবাসী। খবর পেয়ে ওই নারীকে স্ত্রী দাবি করা আরেকজন সেখানে আসেন। এরপর বেধে যায় লঙ্কাকাণ্ড। দুই ব্যক্তিই ওই নারীকে স্ত্রী বলে দাবি করতে থাকেন।
এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি 
ডাকাডাকি করেও দরজা খোলে না মেয়ে, ভেঙে ভেতরে ঢুকতেই 'চোখ কপালে'
ফরিদপুরের সদরপুরে মোছা. মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার একই ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীমের মা শিল্পী আক্তার জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিনি মেয়েকে নিয়ে পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার সকালে মেয়েকে বাসায় একা রেখে তিনি কাজে বের হন। দুপুরে কাজ শেষে বাসায় ফিরে শিল্পী আক্তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘরের আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মীমকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
ডাকাডাকি করেও দরজা খোলে না মেয়ে, ভেঙে ভেতরে ঢুকতেই 'চোখ কপালে'
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩৩ জন যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
আরও পড়ুন
রুমা ও রোয়াংছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং
প্রায় দুই বছর পর মাতৃভূমিতে ফিরলেন ১৮ বম সদস্য
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
কিশোরীকে গর্ভপাত করানোর পর মিলল ‘ভয়ংকর সত্য’